রশিদপুর বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ
বিশ্বনাথ-জগন্নাথপুর-ছাতক সড়কের রশিদপুরে অবস্থিত বেইলি ব্রিজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এ পথেই যাতায়াত করতে হচ্ছে তিন উপজেলাবাসীকে। এলাকাবাসী জানায়, ২০০৭ সালে ট্রাক বোঝাই মালামালসহ বেইলি ব্রিজটি একবার ভেঙে গিয়েছিল। এতে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হয়। সে সময় প্রায় মাসখানেক পর সেতুটি মেরামত করা হয়। সেতুটি মেরামত করার পর কর্তৃপক্ষ এটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ১০ টনের অতিরিক্ত যান চলাচল নিষেধ করে একটি সাইনবোর্ড টানায়। কিন্তু প্রতিনিয়তই এ নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ছোট-বড় অসংখ্য যানবাহন। এতে অল্প সময়েই সেতুটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সেতুটি দিয়ে পারাপার হয় শত শত বাস, ট্রাক, লাইটেস, কার, টেম্পোসহ বিভিন্ন রকমের যানবাহন। জীবিকার তাগিদেই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। ট্রাকচালক আবদুুল খালিক বলেন, ‘এ ব্রিজ দিয়ে সহজেই বিশ্বনাথ উপজেলা সদরে আসা যায়। তাই ঝুঁকি নিয়ে হলেও অনেক সময় আমরা এটি দিয়ে যাতায়াত করি। আর তা ছাড়া ক্রেতাদের খরচ বাঁচাতে আমাদের অতিরিক্ত মালামাল বহন করতে হয়।’বাসচালক রোকন উদ্দিন বলেন, ‘জীবিকার তাগিদে আমাদের গাড়ি চালাতে হয়। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সড়ক ও সেতুটির ওপর দিয়ে গাড়ি চালাতে হয়।লাইটেসের চালক গিয়াস উদ্দিন বলেন, রশিদপুর বেইলি ব্রিজটি শিগগিরই পুনর্নির্মাণ কিংবা সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শেখ মনির মিয়া বলেন, এর আগে যখন সেতুটি ভেঙে ছিল, তখন এলাকার মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এখনো সেতুটির অবস্থা করুণ। যেকোনো সময় এটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এখানে অবিলম্বে সেতু নির্মাণ জরুরি।স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, সেতু নির্মাণ ও রাস্তা প্রশস্ত করতে ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।