রশীদ করীম স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রশীদ করীম ছিলেন বাংলাদেশের আধুনিক উপন্যাস নির্মাণকলার অন্যতম পথিকৃৎ শিল্পী। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রেও ছিলেন অনন্য। সমৃদ্ধ জীবনাভিজ্ঞতা, অনন্য ভাষাভঙ্গি এবং স্বকীয় গদ্যশৈলীর মধ্য দিয়ে রশীদ করীম বাংলা কথাসাহিত্যকে ঋদ্ধ করেছেন। মানুষ হিসেবে তিনি ছিলেন বন্ধুবৎসল এবং অত্যন্ত পরিশীলিত।’সদ্য প্রয়াত প্রখ্যাত কথাশিল্পী রশীদ করীম স্মরণে বাংলা একাডেমী আয়োজিত নাগরিক শোকসভায় এমন মন্তব্য করেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমীর রবীন্দ্রচত্বরে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণা করেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ, হাসনাত আবদুল হাই, বেলাল চৌধুরী, মফিদুল হক, মহাদেব সাহা, রুবী রহমান, সিরাজুল মজিদ, হামিদ কায়সার এবং বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।শোকসভায় রশীদ করীমের জীবন ও সাহিত্যকর্মের নানা দিকের আলোচনায় বক্তারা বলেন, ‘রশীদ করীম বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক। তিনি উত্তম পুরুষ উপন্যাসের মধ্য দিয়ে বাংলাদেশের উপন্যাসের মোড় ঘুরিয়ে দেন। এ ছাড়া তাঁর আমার যত গ্লানি, মায়ের কাছে যাচ্ছি, পদতলে রক্ত প্রভৃতি উপন্যাসে মুক্তিযুদ্ধের গৌরবগাথা চিত্রিত হয়েছে। দেশপ্রেমিক হিসেবেও জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধা করবে। জীবনকে ভালোবাসার মন্ত্রণা তিনি জীবন ও সৃষ্টিকর্মের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন হূদয়বান, প্রগতিশীল এবং আপাদমস্তক একজন আধুনিক মানুষ। শুধু কথাসাহিত্য নয়, রবীন্দ্রসংগীত ও সাহিত্যের বিশ্লেষণেও তাঁর পাণ্ডিত্য ছিল তুলনাহীন।’ শোকসভার শুরুতে কথাশিল্পী রশীদ করীমের জীবন ও কর্ম নিয়ে বাংলা একাডেমী নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়।