রশীদ তালুকদারের ক্যামেরায় স্বদেশের সংগ্রামী অতীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অগ্নিগর্ভ দিনগুলো যেন আবার মূর্ত হয়ে উঠল গতকাল। আইয়ুববিরোধী আন্দোলনে রাজপথে সেই উত্তাল মিছিল, রেলপথ-রাজপথে অবরোধ, পুলিশের গুলিতে ঢলে পড়েছেন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র তরুণ মতিউর রহমান মল্লিক, মজলুম জননেতা মওলানা ভাসানী অংশ নিয়েছেন তাঁর জানাজায় আর একাত্তরের সাতই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের গণসমুদ্রে ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এমন অজস্র দৃশ্য।সম্প্রতি প্রয়াত বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক রশীদ তালুকদারের ক্যামেরায় উঠে এসেছিল এসব দৃশ্য। গতকাল সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর সেসব আলোকচিত্র নিয়েই, ‘স্বাধিকার থেকে স্বাধীনতা: ক্যামেরায় গণ-আন্দোলন’ শীর্ষক আয়োজন করেছে ১০ দিনব্যাপী প্রদর্শনী। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টি আক্কু চৌধুরী। রশীদ তালুকদারের কাজ সম্পর্কে আলোচনা করেন ড. শহীদুল আলম ও শিল্পী খালিদ মাহমুদ। প্রদর্শনীতে মোট ৫৫টি আলোকচিত্র রয়েছে। সবই সাদাকালো। এতে গত শতকের পঞ্চাশ থেকে সত্তর দশকের সংগ্রামের উত্তাল ঘটনাপ্রবাহের বিশেষ বিশেষ মুহূর্তগুলো উঠে এসেছে।বক্তারা বলেন, আলোকচিত্র সাংবাদিক রশীদ তালুকদার ছিলেন বিশ্বমানের আলোকচিত্রী। আলোকচিত্রের ব্যাকরণগত দিক মেনেই তিনি যে ছবি তুলেছেন, তা যেমন বিষয়ের গুরুত্বকে তুলে ধরেছে, তেমনি তা শিল্পমানেও উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকারের আন্দোলনের প্রামাণ্য দলিল হিসেবে তাঁর ছবির ঐতিহাসিক মূল্য রয়েছে। অথচ তাঁর মতো প্রতিভার যথার্থ মূল্যায়ন আমাদের দেশে হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই মুক্তিযুদ্ধ জাদুঘর এই প্রদর্শনীর আয়োজন করেছে।প্রদর্শনীতে দর্শকেরা দেখতে পাবেন প্রথম শহীদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদ, ’৬৭ সালের প্রভাতফেরি, রমনার বটমূলে ’৬৮ সালে ছায়ানটের প্রভাতি সংগীতানুষ্ঠান, ঊনসত্তরের রাজপথে বিক্ষোভ মিছিলের নাম-পরিচয়হীন সেই বিখ্যাত টোকাই—যার ছবিটি তোলার কিছু পরই সে শহীদ হয়েছিল। ঊনসত্তরের এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন কবি সুফিয়া কামাল। বাড়িতে বাড়িতে উড়ছে কালো পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করছেন তরুণ ছাত্রনেতা তোফায়েল আহমেদ। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশে ফিরছেন বঙ্গবন্ধু, আছে বিজয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের ঢাকায় প্রবেশের ছবি। এসবের পাশাপাশি আছে সত্তরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূল এলাকার বিধ্বস্ত জনপদ ও মানবেতর জীবনযাত্রার দৃশ্য। সব মিলিয়েই প্রদর্শনীটি দর্শকদের সামনে দেশের গৌরবময় সংগ্রামী অতীতকেই ফিরিয়ে আনবে। এটি চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।