রশীদ মিয়া শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে বসে মানুষের ওজন মাপেন। এই কাজে ব্যবহার করেন ডিজিটাল মেশিন। জনপ্রতি নেন দুই টাকা। রশীদ সকালে এসে ফুটপাতে বসেন। কাজ করেন সন্ধ্যা পর্যন্ত। সারা দিনে ৫০-৬০ টাকা আয় হয়। এ টাকা দিয়ে তাঁর খাওয়ার খরচ কোনো রকমে হয়ে যায়। তিনি জানান, ওজন মাপতে অল্প টাকা নিই। এই টাকাটাও কেউ কেউ দিতে চায় না। ‘আপনার মেশিন ঠিক নাই, কাইলকা মাপছি, আজকে ছয় কেজি বাইরা গেলাম কেমনে?’—এসব কথা বলে তারা টাকা না দিয়ে চলে যায়।রশীদ মিয়ার গ্রামের বাড়ি নরসিংদী। বাড়ি থেকে রাগ করে ঢাকায় চলে এসেছেন। রশীদ মিয়া জানান, সঙ্গে করে নিয়ে এসেছিলেন পাঁচ হাজার টাকা। তিন হাজার টাকা খেয়ে ফেলেছেন। দেড় হাজার টাকা দিয়ে ওজন মাপার ডিজিটাল যন্ত্রটা কিনেছেন। পুরো টাকাটা থাকলে ছোটখাটো ব্যবসা করতে পারতেন।রশীদ মিয়া প্রথম ঢাকা এসেছিলেন ১৯৬০ সালের দিকে। তখন তিনি পুরান ঢাকায় ওয়েল্ডিং কারখানায় কাজ শিখেছেন। পরে নরসিংদীতে গিয়ে ওয়েল্ডিং কারখানা দেন। রশীদ মিয়া জানান, সংসারে তাঁর স্ত্রী ছাড়াও আছে দুই ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে স্কুলে পড়ে। তাকে নিয়ে রশীদ মিয়ার যত ভাবনা।রশীদ বড় ছেলেকে ওয়েল্ডিং কারখানার কাজ শেখান। বয়স বাড়ার সঙ্গে শরীরের শক্তি কমে আসে তাঁর। একসময় বড় ছেলে কারখানার হাল ধরে। সেই ছেলে এখন সংসারের কর্তা। স্ত্রী আর বড় ছেলে একসময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। নিজের হাতে গড়া সংসারে অপমান সইতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে আসেন রশীদ মিয়া। রশীদ মিয়া জানান, ঢাকার ফুটপাতে অনেক রাত কাটিয়েছেন। এখন পুরানা পল্টনের একটি দোকানের সামনে রাতে ঘুমান। শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে নরসিংদীর লোকজন কম আসে। তাই সেখানে ওজন মাপার যন্ত্র নিয়ে বসেন রশীদ। গুলিস্তান-পল্টন এলাকায় নরসিংদীর লোকজনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে বলে ওই দিকে বসেন না।রশীদ এখন শুধু মেয়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছেন। তবে মেয়েকে বলেননি কোথায় আছেন। তিনি জানান, তাঁর ধারণা বড় ছেলে তাঁকে একদিন বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। মাঝেমধ্যে মনে হয়, হয়তো কোনো দিন এই ফুটপাতে মরে পড়ে থাকবেন। আবার কখনো মনে হয়, ছেলে তাঁকে খুঁজছে। এ জন্য ফুটপাতে বসে ছেলের মুখটা খোঁজেন রশীদ মিয়া।