রশীদ মোল্লা মিষ্টি পান বিক্রি করেন। খুব সকালে উঠেই পান বানাতে বসে যান। তিনি জানান, সাচিপানে জাফলং, মিষ্টি মসলা, জর্দার রং, ধনে, সুপারি, চপ, পানের সুগন্ধি, পানের মধু দিয়ে পান বানান। এভাবে ২০০ পান বানাতে তাঁর তিন ঘণ্টার মতো সময় লাগে। এক খিলি পান বিক্রি করেন পাঁচ টাকায়। প্রতিদিন দুপুর ১২টার দিকে পান সরবরাহ করতে যান কমিউনিটি সেন্টার ও চায়নিজ রেস্টুরেন্টের অনুষ্ঠান ও সিনেমা হলে। সেনাকুঞ্জ, বিডিআর দরবার হলের বড় বড় অনুষ্ঠানেও মাঝেমধ্যে পান সরবরাহ করেন রশীদ মোল্লা। তিনি বলেন, সেখানে এক খিলি পানের দাম পাওয়া যায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। অবশ্য এ ধরনের পানে লক্ষৌর দামি মসলা ব্যবহার করতে হয়। পুরান ঢাকার অনেক বিয়ে ও সুন্নতে খতনার আয়োজনে ৫০ টাকা দামের পানের ফরমায়েশ থাকে প্রায়ই।যখন বিয়েশাদির ফরমায়েশ থাকে না, তখন মিরপুরের সনি সিনেমা হলের সামনে ফেরি করে পান বিক্রি করেন রশীদ মোল্লা। মিরপুর ১১ নম্বর সেকশনের আরও প্রায় ২৫ জন লোক মিষ্টি পান বিক্রি করেন। তাঁরা বিহারি। রশীদ মোল্লা জানান, তিনি ১৯৬৯ সালে লাহোর থেকে ঢাকায় আসেন। সিনেমার ব্যানার আর্টিস্ট ছিলেন। তাঁর গুরু বিখ্যাত ব্যানার আর্টিস্ট লাডলা শরীফ। তাঁর প্রতিষ্ঠান ছিল শিল্পী আর্ট। প্রায় ৪০ বছরে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। রশীদ বড় বড় সিনেমার ব্যানার হোডিং এঁকেছেন। ব্যানার করতে গিয়ে একসময় খাওয়ার সময়ও পেতেন না। অথচ এখন কোনো কাজ নেই। তিনি বলেন, এখন আর সিনেমার ব্যানার তৈরি হয় না। ডিজিটাল প্রিন্ট আসার পর থেকে সিনেমার ব্যানারে আর্টিস্টদের কাজ কমতে শুরু করে। সিনেমা হলেও মানুষ আর আগের মতো যায় না। সিনেমার ব্যানারশিল্পীরা একদম বেকার হয়ে পড়েছেন।রশীদ মোল্লা বলেন, ‘আমি কত নায়ক-নায়িকার বড় বড় ছবি এঁকেছি! আর এখন পান বিক্রি করি।’রশীদ মোল্লার দুই ছেলে। একজন বাসচালক। আরেকজন হেরোইনের নেশা নিয়ে বখে গেছেন। রশীদ বলেন, ‘ছেলেটা রাস্তাঘাটে হাইজ্যাক করে। কয়েকবার পাবলিকের মাইর খাইয়া রাস্তাঘাটে পইড়া ছিল। মাঝে মাঝে টাকার জন্য বাসায় আসে। একবার পল্লবী থানায়ও দিয়া আসছিলাম। কিন্তু পুলিশ রাখে না। ছেলেটাকে নিয়া বড় কষ্টে আছি।’