রশীদ সরকার তেজগাঁও শিল্পাঞ্চলের ফকিন্নির বাজারে সুঁই-সুতা, তাবিজ, কাইতন, চুড়ি ও প্রসাধনসামগ্রী বিক্রি করেন। তিনি এ ব্যবসায় আছেন পাঁচ বছর ধরে। এর আগে ২৫ বছর রিকশা চালিয়েছেন। রশীদ সরকার জানান, পাঁচ বছর আগে তেজগাঁও সাত রাস্তার মোড়ে তাঁর রিকশাকে মেরে দেয় একটি ট্রাক। এতে রিকশাটি ভেঙে যায়। রশীদ সরকার পা ও কোমরে ব্যথা পান। অনেক দিন হাসপাতালে কাটিয়েছেন। এখনো তাঁকে উবু হয়ে চলতে হয়।এক দিনে রশীদ সরকারের ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত লাভ হয়। তিনি বলেন, ‘ইদানীং বেচাবিক্রি কম।’ রশীদ সরকারের স্ত্রী মইফল বেগম। মইফল চুড়ি-ফিতা বিক্রি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। রশীদ সরকার জানান, এখন বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই তাঁর স্ত্রী এখন ফকিন্নির বাজারে চুড়ির ডালা সাজিয়ে বসেন। ‘চুড়ির দোকান দিতে ৩০ হাজার টাকা সুদে আনছি। সুদ-আসলে এখন ৫০ হাজার টাকা ঋণ হইয়া পড়ছে।’ বলেন রশীদ। তাঁর দেশের বাড়ি জামালপুর জেলার কাচারীঘাট গ্রামে। রশীদ সরকারের দুই ছেলে। এক ছেলে জামালপুরে নরসুন্দরের কাজ করেন। বউ-বাচ্চা নিয়ে তিনি সেখানেই থাকেন। রশীদের ছোট ছেলে রাসেল গার্মেন্টসে কাজ করতেন। কয়েক দিন আগে রাসেলের প্রেমিকার সঙ্গে অন্য ছেলের বিয়ে হয়েছে। রাসেল তেজগাঁও রেল ওভারপাস থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাতে পা ভেঙে ঘরে পড়ে আছেন। রশীদ সরকার বলেন, ‘রাসেলের পা ফুইল্লা ডোল হইয়া আছে। হাতে টাকা-পইসা নাই। সারা রাইত চিৎকার পাড়ছে রাসেল। সকালে ওর মা দুইটা রুটি দিয়া আইছে। পুলায় কয়, মা তুমি যাইও না। আমি হাসপাতালে নেওনের টাকা কই পামু।’