রশীদপুর ক্ষেত্রে সাড়ে তিন টিসিএফ গ্যাসের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স রশীদপুর গ্যাসক্ষেত্রে প্রায় সাড়ে তিন ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) নতুন গ্যাসের সন্ধান পেয়েছে। এর মধ্যে প্রায় এক টিসিএফ উত্তোলনযোগ্য (পি-১ বা নিশ্চিত শ্রেণীভুক্ত)। বাকি প্রায় আড়াই টিসিএফ সম্ভাব্য (পি-২) শ্রেণীভুক্ত।নতুন এই গ্যাস পাওয়ার পর রশীদপুর গ্যাসক্ষেত্রের নিশ্চিত উত্তোলনযোগ্য ও সম্ভাব্য মিলে মোট মজুদ দাঁড়িয়েছে ৫ দশমিক ২ টিসিএফ, যা এখন পর্যন্ত দেশের একক কোনো ক্ষেত্রে গ্যাসের সর্বোচ্চ মজুদ। অর্থাৎ রশীদপুরই দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র। মজুদের হিসাবে এখন পর্যন্ত এর পরে আছে বিবিয়ানা (প্রায় সাড়ে চার টিসিএফ) ও তিতাস (প্রায় পাঁচ টিসিএফ অনুমিত)।একদল তরুণ পেশাজীবীর সমন্বয়ে গঠিত বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপকারী দলের (থ্রি-ডি সাইসমিক সার্ভে টিম) জরিপে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। দেশীয় কোম্পানির ত্রিমাত্রিক জরিপ পরিচালনা এটাই প্রথম। এই কাজের জন্য জরিপ পরিচালনাকারী দলটিকে গত বছর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ‘গণিত উৎসব সম্মাননা’ দেয়। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিশেষজ্ঞদের মতে, প্রথমবারেই তাদের পাওয়া সাফল্য অভাবনীয়। গতকাল সোমবার দুপুর ১২টায় পেট্রোবাংলার কার্যালয়ে সরকারি নীতিনির্ধারক ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সামনে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। বেলা তিনটায় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে এই তথ্য জানান।বাপেক্স সূত্র জানায়, তাদের ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে ৩২৫ বর্গকিলোমিটার আয়তনের গ্যাসক্ষেত্রটিতে নতুন দুটি সম্ভাবনাময় গ্যাসের স্তর আবিষ্কৃত হয়েছে। ১৬টি সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করা গেছে, যেখানে গ্যাসের স্তর বিদ্যমান। এসব স্থানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে তিনটি অনুসন্ধান কূপ ও ছয়টি উন্নয়ন কূপ খনন করা যাবে। এর মধ্যে ক্ষেত্রটির পশ্চিমাংশে তিনটি কূপ খনন করে এক বছরের মধ্যে প্রায় ছয় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব।সূত্রগুলো জানায়, বর্তমানে দেশে যে হারে গ্যাস ব্যবহার করা হচ্ছে, তাতে এক টিসিএফ গ্যাস দিয়ে এক বছরেরও বেশি সময় সারা দেশের চাহিদা মেটানো সম্ভব। আর এক টিসিএফ গ্যাসের সরকার-নির্ধারিত হ্রাসকৃত দাম ১০ হাজার কোটি টাকা, যার আন্তর্জাতিক বাজারমূল্য আরও কয়েক গুণ বেশি।স্বল্প ব্যয়ে সাফল্য: সরকারি-বেসরকারি সূত্র থেকে পাওয়া হিসাবে দেখা যায়, বাপেক্সের এই জরিপ পরিচালনায় ব্যয়ের পরিমাণ বিদেশি কোম্পানির পরিচালিত জরিপের তুলনায় অনেক কম। বাংলাদেশে এর আগে ১৯৯৯ সালে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বিদেশি কোম্পানির পরিচালিত ত্রিমাত্রিক জরিপে প্রতি বর্গকিলোমিটারে ব্যয় হয়েছে ২৬ লাখ টাকা, বাঙ্গুরায় ২০০২ সালে পরিচালিত জরিপে প্রতি বর্গকিলোমিটারে ব্যয় হয় ১৯ লাখ, ছাতকে ২০০৪ সালে প্রতি বর্গকিলোমিটারে ব্যয় হয় ১৮ লাখ, বাঙ্গুরায় ২০০৬ সালের জরিপে প্রতি বর্গকিলোমিটারে ব্যয় হয় সাড়ে ১৬ লাখ এবং মৌলভীবাজারে ২০০৮ সালে প্রতি বর্গকিলোমিটারে ব্যয় হয় ৬০ লাখ টাকা।রশীদপুরে বাপেক্সের পরিচালিত জরিপে প্রতি বর্গকিলোমিটারে ব্যয় হয়েছে সাড়ে ১১ লাখ টাকা। বিদেশি কোম্পানির পরিচালিত উপরিউক্ত জরিপগুলোর সময় টাকার মান, মুদ্রাস্ফীতি বাপেক্সের জরিপের সময়ের তুলনায় কম ছিল। সর্বোপরি, বিদেশি কোম্পানির জরিপে ব্যবহূত যন্ত্রপাতি ভাড়ায় আনা হয়েছিল, যা কাজ শেষে সংশ্লিষ্ট মালিক নিয়ে গেছে। কিন্তু বাপেক্সের জরিপের জন্য কেনা যন্ত্রপাতি কোম্পানির তথা দেশেরই আছে। এগুলো আরও অনেক দিন ব্যবহার করা যাবে।বিদেশি কোম্পানির উপরিউক্ত ব্যয়ের মধ্যে অফিস ভাড়া এবং আরও কিছু আনুষঙ্গিক ব্যয় ধরা হয়নি। বাপেক্সের ক্ষেত্রে তার সবই ধরা হয়েছে।এই কাজে উপগ্রহভিত্তিক ‘ট্র্যাকিং সিস্টেম’ (কক্ষপথে পৃথিবীর অবস্থান সাপেক্ষে সুনির্দিষ্টভাবে কোনো স্থান নির্ধারণের পদ্ধতি) থেকে শুরু করে সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভূগর্ভে ডিনামাইট ফাটিয়ে শব্দসংকেতের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে রশীদপুর গ্যাসক্ষেত্রের আট কিলোমিটার (আট হাজার মিটার) গভীরের প্রতি ইঞ্চি জায়গার তথ্য। এটি এতই নিবিড় অনুসন্ধান জরিপ, যাতে ভূগর্ভের একেকটি জায়গার তথ্য ৪৮ বার করে সংগৃহীত হয়েছে। সরকারি-বেসরকারি বিশেষজ্ঞরা বলেন, এই জরিপের মাধ্যমে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত হলো।রশীদপুর গ্যাসক্ষেত্র: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অংশবিশেষ জুড়ে এই গ্যাসক্ষেত্রের অবস্থান ঢাকা থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বে। এটি রাষ্ট্রীয় খাতের সেই পাঁচটি পুরোনো গ্যাসক্ষেত্রের একটি, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে মাত্র ৪৫ লাখ পাউন্ডে কিনে রেখেছিলেন অন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেল অয়েলের কাছ থেকে। ক্ষেত্রটি এখন পরিচালনা করছে পেট্রোবাংলার অন্যতম প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফএল)।রশীদপুর ক্ষেত্রটি ১৯৬০ সালে আবিষ্কার করে তৎকালীন পাকিস্তান শেল অয়েল কোম্পানি। তখন ওই ক্ষেত্রে গ্যাসের মোট মজুদ নির্ধারণ করা হয়েছিল ২ দশমিক ০০১ টিসিএফ। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুদ নির্ধারণ করা হয় ১ দশমিক ৪০১ টিসিএফ। ক্ষেত্রটিতে এখন পর্যন্ত সাতটি কূপ খনন করা হয়েছে, যার পাঁচটি থেকে বর্তমানে গ্যাস তোলা হচ্ছে প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ কোটি ঘনফুট করে। শুরু থেকে এখন পর্যন্ত ক্ষেত্রটি থেকে গ্যাস তোলা হয়েছে প্রায় ৪৮২ বিলিয়ন ঘনফুটের (বিসিএফ) মতো।বাপেক্সের জরিপের ফলে আগামী এক বছরের মধ্যে ক্ষেত্রটি থেকে দৈনিক উৎপাদন ১০ কোটি ঘনফুটে উন্নীত করা যাবে।জানতে চাইলে ত্রিমাত্রিক জরিপ দলের প্রধান (ভূকম্পন জরিপের ভাষায় ‘পার্টি চিফ’) মেহেরুল হোসেন প্রথম আলোকে বলেন, রশীদপুর গ্যাসক্ষেত্রের ভূ-কাঠামোটির অবস্থান ভূগর্ভের একটি চ্যুতির পূর্ব ও পশ্চিম পাশজুড়ে। আগে যে দ্বিমাত্রিক জরিপ করা হয়েছিল, তাতে পূর্ব পাশের কোনো তথ্যই পাওয়া যায়নি। এখন সম্পূর্ণ কাঠামোটি জরিপের আওতায় আসায় পুরো ক্ষেত্রটির প্রকৃত মজুদ এবং ঠিক কোন জায়গায় কূপ খনন করলে গ্যাস পাওয়া নিশ্চিত, তা চিহ্নিত হয়েছে।সিজিজি ভেরিতাস নামের একটি ফরাসি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এই জরিপের কাজে বাপেক্সের খণ্ডকালীন পরামর্শক হিসেবে কাজ করছে। মোট পাঁচটি গ্যাসক্ষেত্রে জরিপের জন্য তারা মোট সাড়ে ২৮ মানব মাস (একজন মানুষের সাড়ে ২৮ মাস কাজ করার সমান) কাজ করে দেবে।আরও ছয়টি নতুন ক্ষেত্র: বাপেক্সের ত্রিমাত্রিক জরিপ দলকে রাষ্ট্রীয় পাঁচটি গ্যাসক্ষেত্রে জরিপ চালানোর কাজ দেওয়া হয়েছিল। এর মধ্যে রশীদপুরের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। এ ছাড়া কৈলাসটিলা ও হরিপুর ক্ষেত্রেরও মাঠপর্যায়ের কাজ শেষ হয়েছে। এই তিনটি ক্ষেত্রের মাঠপর্যায়ের কাজই তারা একটি শুকনো মৌসুমের মধ্যে শেষ করে দ্রুতগতিতে মানসম্পন্ন কাজ করার উদাহরণ সৃষ্টি করেছে। আগামী মাসেই তারা তিতাসক্ষেত্রে কাজ শুরু করবে। এরপর বাখরাবাদ।সরকার পরিকল্পনা করেছে, এই পাঁচটি ক্ষেত্রের কাজ শেষে বাপেক্সের এই জরিপ দলকে আরও ছয়টি নতুন গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এই ছয়টি ক্ষেত্র হচ্ছে: সুন্দলপুর-বেগমগঞ্জ, সুনেত্র, ফেঞ্চুগঞ্জ, সালদা নদী, সেমুতাং ও ভোলার শাহবাজপুর। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে তারা ক্ষেত্র ছয়টির মোট এক হাজার ৮৫০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, এই কাজ দ্রুততর করার জন্য আগামী বছরের শেষ নাগাদ ত্রিমাত্রিক জরিপ দলের দুটি ইউনিট করা হবে।