রস টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক নাম: রসকোজন্ম: ৮ মার্চ, ১৯৮৪, লোয়ার হাট, ওয়েলিংটনউচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চিপ্রিয় ও অন্যান্যক্রিকেটার: মার্ক গ্রেটব্যাচ, মার্টিন ক্রো, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়শৈশব আদর্শ: মার্ক ওয়াহখাবার: ফাস্ট ফুড, বেশি ভালো লাগে কেএফসিমিউজিক: আর অ্যান্ড বিচলচ্চিত্র: ইনসেপসন, অ্যাভাটারপানীয়: রেড ওয়াইনপ্রথম অটোগ্রাফ: মার্ক গ্রেটব্যাচেরস্মরণীয় ঘটনা: ছোট থেকেই ইচ্ছে ছিল টেন্ডুলকারের অটোগ্রাফ নেওয়ার, পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর একদিন চাইলাম অটোগ্রাফ। ও হেসে ওর একটা শার্টে সাইন করে আমাকে দিয়েছে।বাজে অভ্যাস: অগোছালো, আমার রুম সবসময়ই এলোমেলো থাকে। ক্রিকেটার না হলে: মুরগির খামার দিতাম!রস টেলরের পুরো নাম কী? ভাবছেন রস আর টেলরের মাঝে মার্ক-ব্রেন্ডন-স্কট জাতীয় কিছু হবে! যাঁরা জানেন না, তাঁদের কাছে বড় এক বিস্ময় হয়েই আসবে তাঁর নাম—লুটেরু রস পৌটুয়া লোটে টেলর! টেলরের এই বড় নামের রহস্য তাঁর শেকড়। মা ছিলেন সামোয়ান। বাবা নিউজিল্যান্ডেরই। তবে নিজের উৎস নিয়ে প্রচণ্ড গর্বিত টেলর, নিজেকে সামোয়ান পরিচয় দিতে একটু কুণ্ঠা বোধ করেন না। সামোয়ান বলেই টেলরের ক্রিকেটে আসা একটু বিস্ময়করই। সামোয়ান আর মাওরিদের সাধারণত ঝোঁক নিউজিল্যান্ডে তুমুল জনপ্রিয় রাগবিতে। কারও আবার সফটবলে। কিন্তু ক্রিকেটে রীতিমতো বিরল। টেলরের আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন একজন সামোয়ানই—নব্বইয়ের দশকের বাঁহাতি পেসার মারফি সুয়া। এ জন্য অধিনায়ক হয়ে টেলরের প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘আশা করি এবার পলিনেশিয়ান আর মাওরিরা ক্রিকেটে আরও বেশি উৎসাহ দেখাবে।’টেলরের মনে ক্রিকেট গেঁথে যায় বাবাকে দেখে। না, বাবা এমন কোনো ক্রিকেটার ছিলেন না। তবে প্রতি সপ্তাহান্তে ক্রিকেট খেলতেন বন্ধুদের সঙ্গে। ছেলের সঙ্গে খেলতেন বাড়ির আঙিনায়। টেলরের ক্রিকেট প্রতিভার পরিচয় প্রথম মেলে মূলত বোর্ডিং স্কুলে পড়ার সময়। স্কুলে হকিও খেলেছেন, একসময় স্কুল দলের অধিনায়ক ছিলেন। তবে ক্রিকেটে এগিয়ে ছিলেন অনেকটাই। ১২ বছর বয়সেই খেলেছেন স্কুলের মূল দলে, বড় বড় বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন। স্কুল ক্রিকেটের পারফরম্যান্সেই জায়গা পান সেন্ট্রাল ডিস্ট্রিক্টস অনূর্ধ্ব-১৭ দলে। এরপর সেন্ট্রাল ডিস্ট্রিক্টস অনূর্ধ্ব-১৯ দল হয়ে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে। দেশের মাটিতে ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্বও দিয়েছেন দলকে। ওই বছরই নিউজিল্যান্ডের সেরা দারুণ ক্রিকেটার মনোনীত হয়ে এমসিসির বৃত্তি নিয়ে ঘুরে আসেন লর্ডস। সে বছরই সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। ২০০৩ সালে জায়গা পান ক্রিকেট নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স সেন্টারে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার ছিলেন, ২০০৫-০৬ মৌসুমের শুরুতেই তিনটি সেঞ্চুরি করে ডাক পান নিউজিল্যান্ডের ওয়ানডে দলে। ক্যারিয়ারের তৃতীয় মাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ১২৮* রান, ২০০৭ সালে অভিষেক টেস্টে। ১৯৯৯ সালে জীবনে প্রথম মাঠে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট দেখে বন্ধুদের বলেছিলেন, ‘সবাই এত জোরে বল করে, খেলব কীভাবে!’ সেই টেলর এখন ছন্দে থাকলে আতঙ্কে থাকেন বোলারেরা।এই বছরটা টেলরের জীবনের সবচেয়ে ঘটনাবহুল বছর। জানুয়ারিতে ১০ সেকেন্ডে হয়ে যান মিলিয়নার। আইপিএল নিলামে তাঁকে ১৩ লাখ ডলারে কিনে নেয় রাজস্থান রয়্যালস। ফেব্রুয়ারি-মার্চে দারুণ খেলে অপ্রত্যাশিতভাবে দলকে তুললেন বিশ্বকাপের সেমিতে। দীর্ঘদিনের বান্ধবী ভিক্টোরিয়া ব্রাউনকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন জুনে। জুনের ২১ তারিখ বিয়ের কেনাকাটা করছিলেন, খবর পেলেন ড্যানিয়েল ভেট্টোরির উত্তরসূরি হয়েছেন। ২৫ জুন সেরে ফেললেন বিয়ে। স্ত্রী ভিক্টোরিয়া নিজেও ছিলেন ক্রিকেটার, নর্দান ডিস্ট্রিক্টের হয়ে খেলেছেন। খুব বেশি দিন অবশ্য খেলেননি, এখন শিক্ষকতা করছেন একটি স্কুলে। গত ২৪ সেপ্টেম্বর টেলর-ভিক্টোরিয়া ঘর আলো করে এসেছে মেয়ে—ম্যাকেঞ্জি। ব্যাট হাতে ঝড় তুলতে ভালোবাসেন, কিন্তু ব্যক্তিগত জীবনে উল্টো। মৃদুভাষী, খুব শান্ত স্বভাবের। বই পড়তে ভালোবসেন। আর ক্রিকেটের বাইরে সবচেয়ে বেশি ঝোঁক রান্না করার দিকে। বই দেখে নানা রকম রান্না তো করেন। নিজেও নানা রকম পরীক্ষামূলক রেসিপি লিখে রান্না করেন। সতীর্থ ও বন্ধু নিল ব্রুমের ধারণা, টেলরের হাতের ভেড়ার নেহারি বিশ্বের সুস্বাদুতম খাবারগুলোর একটি! নিজেও খুব খেতে পছন্দ করেন। ফিটনেস ট্রেনারকে ফাঁকি দিয়ে প্রায়ই ঢুঁঁ মারেন ফাস্ট ফুড শপে। প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে স্টিভেন ফ্লেমিং যখন ৭ হাজার টেস্ট রান ছুঁলেন, উইকেটে সঙ্গী ছিলেন টেলর। ফ্লেমিং সে দিন টেলরকে বলেছিলেন, ‘আশা করি তুমি একদিন ছাড়িয়ে যাবে আমাকে।’ অধিনায়ক হিসেবেও টেলরের আদর্শ ফ্লেমিং। আপাতত টেলরের লক্ষ্য তাই দুটো—ব্যাটসম্যান ফ্লেমিংকে ছাড়িয়ে যাওয়া আর অধিনায়ক হিসেবে নিজেকে ফ্লেমিংয়ের উচ্চতায় নিয়ে যাওয়া।এ সপ্তাহের তারকাবীরেন্দর শেবাগগব্বর সিং নামে বলিউডের সবচেয়ে বিখ্যাত ভিলেনকে বধ করেছিল ‘বীরু’। আর তিনি বধ করলেন দুঃসময়কে। সেটিও কী দুর্দান্তভাবেই! আগের দশ ওয়ানডেতে মাত্র একটি ফিফটি। নিজেই বলছিলেন, শুরুতে যেভাবে দলে অবদান রাখতে চান, সেটি পারছেন না। বীরেন্দর শেবাগ স্বরূপে ফিরছেন ইন্দোরে। সেটিও ওয়ানডেতে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি গড়ে, শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়ে। ওয়ানডের সর্বোচ্চ ইনিংসটি এখন তাঁরই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ১৪৯ বলে ২৫টি ও ৭ ছক্কায় খেলা ২১৯ রানের ইনিংসটির জন্য শেবাগ এ সপ্তাহের অবিসংবাদিত তারকা।