রসমালাইয়ের নামের ফাঁদে
সম্প্রতি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কাজী মোস্তাফিজুর রহমান। কুমিল্লার আলেখারচরে বিরতির জন্য বাসটি থামে। সেখানে কুমিল্লার ‘মাতৃভান্ডার’ নামের একটি মিষ্টির দোকানের সাইনবোর্ড নজর কেড়ে নেয় মোস্তাফিজের। আনন্দে মনটা নেচে ওঠে তাঁর—আরে! এই তো কুমিল্লার সেই প্রসিদ্ধ রসমালাইয়ের দোকান। তড়িঘড়ি বাস থেকে নেমে ওই দোকান থেকে তিনি দুই কেজি রসমালাই কেনেন। হূষ্টচিত্তে বাসায় ফিরে যেই না তিনি রসমালাইয়ের প্যাকেট খুলেছেন, এবার তাঁর বিব্রত হওয়ার পালা। কোথায় সেই আসল স্বাদ আর সৌরভ? বরং তা বিস্বাদ আর বাসি।শুধু মোস্তাফিজই নন, কুমিল্লা শহরে ‘মাতৃভান্ডার’ নাম ব্যবহারকারী এমন বেশ কিছু মিষ্টির দোকান থেকে এভাবে রসমালাই কিনে অহরহ প্রতারিত হচ্ছে দূরদূরান্তের ক্রেতারা। অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা জেলার ভেতর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৯৭ কিলোমিটার অংশে মূল নামের সঙ্গে ‘মাতৃভান্ডার’ যোগ করে কমপক্ষে ২০টি দোকান গড়ে উঠেছে। প্রায় পাঁচ বছর ধরে এসব দোকান মূল মাতৃভান্ডার দোকানের অনুকরণে লোগো ও একই রকম বাক্স তৈরি করে রসমালাই বিক্রি করছে।আদর্শ সদর উপজেলার আলেখারচর থেকে ময়নামতি সেনানিবাস এলাকা পর্যন্ত এক কিলোমিটার অংশে সড়কের দুই পাশে যেসব দোকান রয়েছে, এগুলো হচ্ছে আদি মাতৃভান্ডার, কুমিল্লা মাতৃভান্ডার, কুমিল্লার মাতৃভান্ডার, মেসার্স মাতৃভান্ডার, ময়নামতি মাতৃভান্ডার ইত্যাদি। পদুয়ারবাজার বিশ্বরোড, চৌদ্দগ্রাম ও চান্দিনার মাধাইয়া বাজারেও দোকানের সাইনবোর্ডে ‘মাতৃভান্ডার’ শব্দ লাগিয়ে রসমালাই বিক্রি হচ্ছে। এতে আসল মাতৃভান্ডার ভেবে এসব দোকান থেকে রসমালাই কিনে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতারা।খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস এলাকার একটি বাড়ি, কুমিল্লা রেলস্টেশন, শহরের দারোগাবাড়ি ও সাহাপুর এলাকায় সস্তা গুঁড়ো দুধ ব্যবহার করে এসব রসমালাই তৈরি করা হচ্ছে। প্রতি কেজি রসমালাই বিক্রি হচ্ছে ১৭০ টাকা করে।আলেখারচরের কুমিল্লা মাতৃভান্ডার দোকানে গিয়ে দেখা গেছে, স্তূপ করে রাখা হয়েছে রসমালাইয়ের বক্স। দোকানের কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন তিন-চার হাজার টাকার রসমালাই বিক্রি হচ্ছে। আসল কি নকল, তা জানি না।’কুমিল্লা মাতৃভান্ডার দোকানের মালিক মো. সোহরাব হোসেন ওরফে সুমন বলেন, ‘কুমিল্লা শহরের রেলগেট এলাকা থেকে আমরা রসমালাই কিনে আনি। সবাই মাতৃভান্ডার লিখেছে, তাই আমিও লিখলাম। প্যাকেটও একই রকম করেছি।’আরেক রসমালাই বিক্রেতা কবির হোসেন ওরফে মোহন বলেন, ‘একটি কারখানা থেকে রসমালাই কিনে আনে সবাই। তারপর তা বিভিন্ন নামে চালানো হয়।’কুমিল্লার মাতৃভান্ডারের মালিক মোহাম্মদ শাহজালাল বলেন, ‘কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি বাড়িতে এই রসমালাই তৈরি হয়। সেখান থেকে কিনে আনি। সবাই মাতৃভান্ডার নাম ব্যবহার করায় আমরাও করি। এই মালাই ভালো, এর মান ঠিক আছে।’কুমিল্লার একজন কলেজশিক্ষক মাসুদ মজুমদার বলেন, ‘আদি মাতৃভান্ডার থেকে একবার রসমালাই কিনে বিপাকে পড়েছিলাম। এতে দুর্গন্ধ ছিল।’কুমিল্লা শহরের মনোহরপুর এলাকায় রয়েছে সেই প্রসিদ্ধ রসমালাইয়ের আসল দোকান মাতৃভান্ডার। ৭০ বছর ধরে তারা রসমালাই বিক্রি করে আসছে। ২০০৭ সালের ১১ নভেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তত্কালীন রাষ্ট্রদূত গিতা পাসি সেখানে রসমালাই কিনতে গিয়েছিলেন। দোকানের স্বত্বাধিকারী শংকর সেনগুপ্ত বলেন, ‘আমাদের কোথাও কোনো শাখা নেই। এ ব্যাপারে পাঁচ বছর আগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও প্রচারপত্র বিতরণ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এ ক্ষেত্রে আমরা কী করতে পারি?’এ ব্যাপারে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’