রসায়নে নোবেল পেলেন ইসরায়েলি বিজ্ঞানী শেচম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি বিজ্ঞানী ড্যানিয়েল শেচম্যান এ বছর রসায়ন-শাস্ত্রে এককভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। গতকাল বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ ঘোষণা দেওয়া হয়। কোয়াসিক্রিস্টাল (মোজাইকের মতো দেখতে একটি রাসায়নিক গঠন) আবিষ্কারের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বলেছে, শেচম্যানের এ গবেষণা কঠিন বস্তুর গঠন সম্পর্কে বিজ্ঞানীদের আগেকার ধারণা পাল্টে দিয়েছে। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, কঠিন পদার্থের পরমাণুগুলো কেবল প্রতিসম সজ্জায় অণু গঠন করে। কিন্তু প্রচলিত এ ধারণার বাইরে গিয়ে ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী শেচম্যান দেখিয়েছেন, এমন সজ্জার বাইরেও অণু গঠন সম্ভব। জুরি বোর্ড বলেছে, শেচম্যানের (৭০) গবেষণা কঠিন বস্তুর গঠন সম্পর্কে রসায়নবিদদের মৌলিক ধারণাই পাল্টে দিয়েছে। ১৯৮২ সালে করা তাঁর এ গবেষণাটি ছিল প্রথমে ‘চরম বিতর্কিত’। তাঁর গবেষণায় কঠিন পদার্থের অনুগুলো এমনভাবে বিন্যস্ত দেখানো হয়েছে, যা প্রাকৃতিক নিয়মের সঙ্গে ছিল সাংঘর্ষিক। প্রচলিত ধারণার বাইরে এ ধরনের গবেষণা করে চরম বিরোধিতার মুখে পড়েন শেচম্যান। ঠাট্টা-বিদ্রূপ করতে থাকেন তাঁর সহকর্মীরা। অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির গবেষক দল থেকেই তাঁকে বের করে দেওয়া হয়। জুরি বোর্ড বলেছে, ‘অবশেষে শেচম্যানের গবেষণা কঠিন বস্তুর গঠন সম্পর্কে বিজ্ঞানীদের পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।’ শেচম্যান তাঁর গবেষণায় অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজের গলিত মিশ্রণ দ্রুত একটি শীতল আবরণের ওপর রেখে প্রথমবারের মতো কোয়াসিক্রিস্টাল আবিষ্কার করেন। তিনি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে গলিত পদার্থের এই মিশ্রণ পরীক্ষা করে দেখেন, নিয়মমাফিক নতুন কোয়াসিক্রিস্টাল গঠিত হয়েছে এবং এগুলো একই রকম না এবং এগুলোর পুনরাবৃত্তি হয়না। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার (১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) শেচম্যানের হাতে তুলে দেওয়া হবে। এএফপি ও বিবিসি।