রসায়নে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী
রসায়নশাস্ত্রে এবার নোবেল পুরস্কার লাভ করেছেন একজন মার্কিন ও জাপানের দুজন বিজ্ঞানী। গতকাল বুধবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কারের কথা ঘোষণা করে। যৌগিক কার্বন পরমাণু সংযোজনের ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে মার্কিন রিচার্ড হেক এবং জাপানের এই-ইচি নেগিশি ও আকিরা সুজুকিকে এই পুরস্কারে ভূষিত করা হলো।নোবেল পুরস্কার কমিটি জানায়, ওই তিন বিজ্ঞানীর গবেষণালব্ধ ফল ক্যানসার প্রতিরোধে নতুন ওষুধ উদ্ভাবন ও অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। ‘যথাযথ ও কার্যকর’ এই পদ্ধতিতে বিশ্বজুড়ে গবেষকেরা উপকৃত হবেন। তাঁরা এটা ওষুধ বা বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির কারখানায় ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতি শিক্ষা, গবেষণা ও রাসায়নিক শিল্পক্ষেত্রেও ব্যাপক অবদান রাখবে।উদ্ভাবিত এই পদ্ধতির মাধ্যমে স্থিতিশীল জৈব অণু তৈরি করা সম্ভব হয়। এই পদ্ধতিতে গবেষকেরা মলাশয় ক্যানসার, ভাইরাসজনিত চর্মরোগ ও এইচআইভি প্রতিরোধে নতুন ওষুধ তৈরিতে এগিয়ে যেতে পারবেন। একই পদ্ধতিতে ভোক্তাদের জন্য আরও অত্যাধুনিক প্লাস্টিক ও হালকা কম্পিউটার মনিটর তৈরির ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে।গত শতকের ষাট ও সত্তরের দশকে পাল্লাডিয়ামকে (একধরনের ধাতব পদার্থ) অনুঘটক (রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা মন্থর করে) হিসেবে ব্যবহার করা নিয়ে কাজ করেন রিচার্ড হেক। সত্তরের দশকের শেষদিকে একই প্রক্রিয়ায় বিকল্প কাজ নিয়ে গবেষণা করেন নেগিশি ও সুজুকি। এসব গবেষণার মাধ্যমে তাঁরা কার্বনভিত্তিক রাসায়নিক যৌগ সৃষ্টির এই নতুন পদ্ধতি বের করতে সক্ষম হন।পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পুড্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেগিশি জানান, স্থানীয় সময় ভোর পাঁচটায় তাঁকে সুইডিশ একাডেমি থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। ৭৫ বছর বয়সী নেগিশি বলেন, ‘আমি উচ্ছ্বসিত। এটা অনেক কিছু। আমি এটা আশা করিনি। তবে অনেক আগে এই পুরস্কারের স্বপ্ন দেখেছিলাম।’পুরস্কার পাওয়ার খবর পেয়ে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজুকি গতকাল হোক্কাইডোতে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। বিজ্ঞানে এগিয়ে যাওয়া আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ।’ ৮০ বছর বয়সী সুজুকি আরও বলেন, ‘আমি কত দিন বেঁচে থাকব জানি না। তবে যত দিন বাঁচি, তরুণ প্রজন্মের জন্য কাজ করে যেতে চাই।’জাপানের দুই বিজ্ঞানীর নোবেল পুরস্কার পাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান। গতকাল টোকিওতে তিনি সাংবাদিকদের বলেন, তাঁদের এই পুরস্কার তরুণদের বিজ্ঞান নিয়ে কাজ করতে আরও আগ্রহী করে তুলবে। এএফপি, বিবিসি, এপি।