রসিকতার আমেজে ওবামা-রমনি (ভিডিও)
তীক্ষ বাক্যবাণে একে অপরকে ঘায়েল করা নয়, সরস বাকচাতুর্যে পরস্পরকে বেকায়দায় ফেলার চেষ্টা করছিলেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে এক দাতব্য প্রতিষ্ঠানের বিশেষ ভোজে এই ভূমিকায় দেখা যায় আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা ও মিট রমনিকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, এ নিয়ে উদ্বেগ বাড়ছে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির। এর মধ্যে অনুষ্ঠিত দুটি বিতর্কের একটিতে রিপাবলিকান প্রার্থী রমনি, অন্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী ওবামা জয় পেয়েছেন। ফ্লোরিডার তৃতীয় ও শেষ বিতর্কের বিষয়টি সামনে রেখে দুই শিবিরেই এখন টানা টান উত্তেজনা। এর মধ্যে গতকাল নিউইয়র্কে একটি দাতব্য প্রতিষ্ঠানের ভোজে হাজির হয়েছিলেন ওবামা ও রমনি।গতকাল রয়টার্সের খবরে বলা হয়, আক্রমণ-পাল্টা আক্রমণ আর উত্তেজনাপূর্ণ দ্বিতীয় নির্বাচনী বিতর্কের দুদিন পর এই নৈশভোজে বেশ খোশমেজাজেই ছিলেন ওবামা ও রমনি। দুজনের পরনেই ছিল সাদা শার্ট, কালো কোট ও সাদা বো-টাই। ৬৭তম বার্ষিক আলফ্রেড ই. স্মিথ মেমোরিয়াল ফাউন্ডেশন ডিনারে প্রথমে বক্তব্য দেন রমনি। রসিকতা করে তিনি বলেন, নৈশভোজে আসা ধনীদের সংখ্যা দেখেই সম্ভবত সরকারের দাতব্য তহবিল বাড়াতে ওবামা তাঁদের কর বাড়ানোর চিন্তা করেছেন। ওবামাও পাল্টা রসিকতা করলেন রমনির সম্পত্তি নিয়ে। বললেন, আগে আমি মিডটাউনে কেনাকাটা করার জন্য যেতাম। কিন্তু কিছু দোকানে এমন জাঁকাল জিনিস! বুঝতে পারলাম, এসব দোকানে রমনি আসেন।এই নৈশভোজ উপলক্ষে নিউইয়র্কের ওয়ালক্রেফ-অ্যাস্টোরিয়া হোটেলে বসেছিল দেশলে শীর্ষস্থানীয় ধনীদের মিলনমেলা। খাদ্য তালিকায় ছিল গলদা চিংড়ি, ভেড়ার মাংসসহ সুস্বাদু খাবারের নানা আয়োজন। এই নৈশভোজ থেকে শিশুদের জন্য সেবামূলক বিভিন্ন কাজের জন্য ৫০ লাখ ডলারের সহায়তা পাওয়া গেছে।আগামী সোমবার ফ্লোরিডায় তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রার্থী। তবে গতকাল নৈশভোজে তাঁরা এক টেবিলে নিউইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলানের দুই পাশে বসেন। নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট গভর্নর স্মিথের স্মরণে ১৯৪৫ সাল থেকে এই নৈশভোজের আয়োজন করা হয়। এবারের নৈশভোজে এক হাজার ৬০০ অতিথির মধ্যে নিউইয়র্কের গণমাধ্যম ও শেয়ারবাজারের বিত্তশালীরা উপস্থিত ছিলেন।