রহনপুর থেকে সারবাহী ট্রেনের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-নেপাল ট্রানজিট চুক্তির আওতায় গতকাল শনিবার দুই হাজার ৩৮৯ মেট্রিক টন সার নিয়ে দুটি ভারতীয় ট্রেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ভারতের সিংগাবাদ রেলবন্দরের পথে যাত্রা করেছে। ভারত থেকে পণ্যবাহী ট্রেন দুটি নেপালে যাবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল রাতে প্রথম আলোকে জানায়, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপালে ট্রানজিটের বিষয়ে গত মাসে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ২৫ হাজার টন সার নেপালে পাঠানো হবে। রহনপুর স্টেশনমাস্টার শহীদুল্লাহ বলেন, গতকাল সকাল আটটা ও পরে বেলা তিনটার দিকে রহনপুর রেলওয়ে বন্দর থেকে ছেড়ে যায় ট্রেন দুটি। প্রথম ট্রেনের ১৮ ওয়াগনে ৯৯৫ দশমিক ৫ মেট্রিক টন ও পরের ট্রেনে ২৪ ওয়াগনে ১ হাজার ৩৯৩ দশমিক ৫ মেট্রিক টন ডিএপি সার পরিবহন করা হয়। নেপালের এগ্রিকালচার ইমপোর্ট করপোরেশন লিমিটেড (এআইসি) মরক্কো থেকে এই সার আমদানি করেছে। মরক্কো থেকে জাহাজে চট্টগ্রাম বন্দরে খালাসের পর তা কার্গোতে করে যশোরের নোয়াপাড়ায় নিয়ে আসা হয়। সেখান থেকেই ভারতীয় দুটি ট্রেনে বোঝাই করে নেপালের উদ্দেশে ছেড়ে আসে। বুধবার রাতে মালবাহী ট্রেন দুটি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে এসে পৌঁছায় এবং রেলওয়ে কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের দাপ্তরিক প্রক্রিয়া শেষে গতকাল তা রহনপুরের ওপারে ভারতের সিংগাবাদ রেলবন্দরের উদ্দেশে যাত্রা করে।