রহমানের বেনারসি-গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্য আর আভিজাত্যের কারণেই বেনারসি শাড়ির বিশেষ কদর। দামি শাড়ি হিসেবেও এর পরিচিতি ব্যাপক। দেশে মূলত রাজধানী ঢাকার মিরপুর বেনারসি শাড়ির কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু এই বেনারসির ঐতিহ্য এখন উজ্জ্বল করে তুলেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু চওড়াপাড়া গ্রামকে। মাত্র এক যুগের ব্যবধানে এ গ্রামটি এখন বেনারসির গ্রাম হিসেবে পরিচিত। যাঁর হাত ধরে এই বদলে যাওয়া, তিনি আবদুর রহমান। একসময়ের ভাগ্যহত আবদুর রহমান এখন শুধু বেনারসি কারখানার মালিক নন, তিনি গ্রামকে বদলে দেওয়ার কারিগর।অজপাড়াগাঁয়ে বেনারসি শাড়ির তাঁত বসানো নিয়ে শুরুতে গ্রামের লোকজন অনেকেই তাঁকে টিপ্পনী কেটেছেন। কিন্তু আত্মবিশ্বাসী রহমান তাঁদের কথায় কান দেননি। ১৯৯৮ সালে মাত্র ৪০ হাজার টাকা নিয়ে শুরু করেছিলেন। দুটি তাঁত বেড়ে এখন নয়টি তাঁত হয়েছে। নিজের কারখানায় পরিবারের সদস্যসহ ১৮ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আর তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গ্রামের তিন শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। গ্রামের ৩০০টি তাঁতে বোনা হয় নানা রং আর নকশার বেনারসি শাড়ি। রহমান বলেন, ‘একসময়ের অবহেলিত গ্রামটির ঘরে ঘরে তাঁতশিল্প গড়ে উঠেছে দেখে আমার ভালোই লাগে।’যেভাবে শুরু: রংপুর সদর থেকে ১৪ কিলোমিটার দূরে হাবু চওড়াপাড়া গ্রাম। গ্রামের একটি অভাবী পরিবারে জন্ম রহমানের। সাত ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। পড়ালেখার অদম্য ইচ্ছা ছিল তাঁর। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পরই মন উচাটন। আগ্রহ ছিল কারিগরি জ্ঞানার্জনের। ওই ভাবনা থেকেই ঘর ছাড়েন। ১৯৮৪ সালে চলে যান নীলফামারীতে। সেখানে হারোয়া গ্রামে একটি বাড়িতে লজিং থাকেন। সেখানে থেকে স্থানীয় বিদ্যালয়ে নবম শ্রেণীতে উত্তীর্ণ হন।কিন্তু ভাগ্য যাচাইয়ের জন্য আবার বেরিয়ে পড়েন। চলে যান ঢাকায়। সেখানেও লজিং থাকেন। মিরপুরে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পাস করতে পারেননি। ঢাকার যে বাড়িতে লজিং ছিলেন, ওই বাড়ির কর্তার সহায়তায় চাকরি নিয়ে চলে যান পাকিস্তানের করাচি। সেখানে এক বাঙালি পরিবারে আশ্রয় পান। চাকরিও জুটে যায়। কিছুদিন চাকরি করে চলে যান ইরানের ইস্পাহানে। সেখানে একটি বস্ত্রকলে কাজ নেন। তিন বছর চাকরি করেন। কিন্তু হঠাৎ ছয় মাসের ব্যবধানে মা-বাবার মৃত্যু-সংবাদ পেয়ে দেশে ফেরেন ১৯৯৩ সালে।মাত্র দেড় লাখ টাকা নিয়ে ফেরেন তিনি। ওই সময় তাঁর ভাইয়েরা গ্রামের গৃহস্থবাড়িতে দিনমজুরের কাজ করতেন। ভাইদের হালের বলদ ও কিছু জমি কিনে দেন। এভাবে এক বছর কাটে।রহমান আবারও ঢাকায় চলে যান। নতুনভাবে শুরু করেন টিউশনি। এর সূত্র ধরেই পরিচয় হয় অবাঙালি সদরু মিয়ার সঙ্গে। সদরু ঢাকার মিরপুরে বেনারসি শাড়ি তৈরির কারখানায় কাজ করতেন। এই সদরুর মুখেই রহমান গল্প শোনেন বেনারসি শাড়ির। রহমানের কাছে প্রাইভেট পড়ার বিনিময়ে তাঁকে বেনারসি শাড়ির কাজ শেখান সদরু। ছয় মাসে কাজ শিখে ফেলেন রহমান। মিরপুরেই একটি কারখানায় তাঁর চাকরি হয়। টানা তিন বছর সেখানে কাজ করার ফাঁকে ফাঁকে আবারও স্বপ্ন বুনতে থাকেন রহমান। পরিকল্পনা করেন নিজের একটি কারখানা স্থাপনের।স্বপ্নের কারখানা: ১৯৯৮ সাল। বঙ্গবন্ধু সেতু এরই মধ্যে চালু হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। রহমান ভাবলেন গ্রামে গিয়ে বেনারসি শাড়ির কারখানা স্থাপনের কথা। চাকরি করে সামান্য কিছু টাকাও জমিয়েছিলেন। সেই টাকা এবং ধারকর্জ করে মোট ৪০ হাজার টাকা দিয়ে গ্রামে পৈতৃক বাড়িতে এসে বেনারসি শাড়ির কারখানা গড়লেন। সঙ্গে নিলেন ছোট ভাইকে। তাঁকে কাজ শিখিয়ে দুই ভাই মিলে শাড়ি বুনতে শুরু করেন। যাত্রা হলো শুরু। দুটি তাঁতযন্ত্র থেকে চারটি হয়। এরপর এক এক করে নয়টি তাঁতযন্ত্র বসে যায় রহমানের কারখানায়। হরদম কাজ হয়। একই সঙ্গে গ্রামের মানুষকেও উদ্বুদ্ধ করতে থাকেন রহমান। প্রথমে অনেকেই সাড়া দেননি। কিন্তু রহমানের ব্যবসায়িক সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে ওঠেন। রহমান তাঁদের কাজ শেখান। ১২ বছরের মধ্যে আজ সেখানে তাঁত ৩০০টি। সবাই মিলে গড়ে তোলেন বেনারসি গ্রাম।আয়: রহমানের কারখানায় প্রতি সপ্তাহে ১৮ থেকে ২০টি শাড়ি তৈরি হয়। আর গ্রামের কারখানাগুলোতে সপ্তাহে সব মিলিয়ে শাড়ি তৈরি হয় ৫০০-এর কাছাকাছি। রহমানসহ সবাই এই শাড়ি ঢাকায় বিক্রি করেন পাইকারি ব্যবসায়ীদের কাছে। রহমান জানান, বেনারসি শাড়ির কাঁচামাল যে সুতা, তা আনা হয় ঢাকা থেকে। একটি সাধারণ মানের বেনারসি শাড়ি তৈরিতে কমপক্ষে ৭০০ থেকে ৮০০ টাকা খরচ হয়। বিক্রি হয় এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকায়। এই হিসাবে তার প্রতি মাসে কমবেশি ২০ হাজার টাকা আয় হয়।এই বেনারসি শাড়ির ক্রেতারা বেশির ভাগই ঢাকার মিরপুর এলাকার। ঢাকা থেকে ব্যবসায়ীরা এসে শাড়ি কেনেন। আবার কখনো কখনো তাঁদের ঢাকায় শাড়ি পৌঁছে দিতে হয়। ঢাকার মিরপুরের শাড়ি ব্যবসায়ী আফতাব হোসেন মুঠোফোনে বলেন, ‘প্রথমে আবদুর রহমানের শাড়ি কেনা হতো। সেখানে এখন অনেক তাঁত হওয়ায় পুরো গ্রাম থেকে শাড়ি সংগ্রহ করা হয়।’ রহমান জানান, এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা তারা পাননি। জরির দাম অনেক বেড়ে যাওয়ায় শাড়ির উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এ ছাড়া কাঁচামাল পরিবহনে খরচও বেড়ে গেছে। ‘গ্রাম উজ্জ্বল করি তুলচে’: গ্রামের আনোয়ারুল ইসলাম একসময় কৃষিকাজ করতেন। ২০০৭ সালে তিনটি তাঁতযন্ত্র নিয়ে বেনারসি শাড়ি তৈরির কাজ শুরু করেন। এখন মাসে তাঁর আয় হয় গড়ে সাত থেকে আট হাজার টাকা। আবদুল গনি তাঁর পাঁচটি তাঁতের আয় দিয়ে তিন ছেলেমেয়ের শিক্ষার খরচসহ পরিবারের সব খরচ চালান। তিনি বলেন, ‘এই তাঁত না হলে আমরা বিপদে পড়তাম।’কুদ্দুস মিয়ার অনেক জমি ছিল। তিস্তা নদীর ভাঙনে সব শেষ হয়েছে। রহমানের হাত ধরে তিনটি তাঁত বসিয়ে এখন বেনারসি শাড়ি তৈরি করছেন। একইভাবে আফজাল হোসেনও বসিয়েছেন নয়টি তাঁত। তিনি বলেন, ‘রহমান এই গ্রামের মানুষগুলারে পথ দেখাইছে। এখন দরকার সরকারি সহযোগিতা।’ তিনটি তাঁতের মালিক লাভলী বেগম বলেন, ‘হামার রহমান ভাগ্য খুলে দিয়েছে। গ্রামের মানুষগুলা কাজ পাইছে।’ রহমানের কাছে কাজ শিখে স্বাবলম্বী হওয়া মনোয়ারা খাতুন বলেন, ‘রহমানের প্রথম এই কাজ দেখে মনে করেছি, এটা ওমার পাগলামি। অ্যালা দেখছি হামার রহমানে গ্রাম উজ্জ্বল করি তোলচে।’বেনারসি গ্রামে এক দিন: হাবু চওড়াপাড়া গ্রামের পাকা রাস্তার পাশেই রহমানের বাড়ি। বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি তাঁতে শাড়ি বোনার কাজ তদারক করছেন। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ছে। আর ছেলে আবু হাসান কারমাইকেল কলেজে রসায়নে প্রথম বর্ষে পড়াশোনা করছেন। রহমানের স্ত্রী মল্লিকা বেগম বলেন, ‘এই গ্রামোত তাঁতের এই ব্যবসা নিয়া নানাজনে নানান কথা কইছে। কিন্তু আমার বিশ্বাস ছিল, একদিন এই তাঁত মেশিনই এই জায়গার উন্নতি করবে।’ তিনি আরও বলেন, স্বামীর প্রতি তাঁর যথেষ্ট আস্থা রয়েছে। তাঁর খুব ভালো লাগে, তাঁর স্বামী বিনা পারিশ্রমিকে এখানকার লোকজনকে প্রশিক্ষণ দিয়েছেন। আর এ জন্য এখানে গড়ে উঠেছে বেনারসি শাড়ির পল্লি।কথা হয় শ্রমিক সাদেকুল, রমজান ও আশেকুলের সঙ্গে। তাঁরা বলেন, ‘অনেক দিন থাকিয়া রহমান ভাইয়ের তাঁতোত কাম করতাছি। কেমন করি শাড়ির সুতা বোনা যায়, তাও রহমান ভাই হামাক শিখি দেছে।’ শ্রমিক আফজাল বলেন, ‘আগোত হামাক কামের জন্যে ঢাকাসহ অন্যান্য জায়গাত যাওয়া লাগছিল। রহমান ভাইয়ের এই তাঁত মেশিন বসার পর একে একে গ্রামোত অনেক তাঁত বসিল। আর হামারগুলাক কামের খোঁজোত বাইরোত যাওয়া লাগে না।’ শ্রমিকেরা জানাল, একটা শাড়ি তুলতে সময় লাগে একজনের তিন দিন। আর শাড়িপ্রতি মজুরি পাওয়া যায় ৪০০ টাকা।গ্রামের আনোয়ারুল ইসলামের তাঁতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী কাজ করছেন। তিনি বললেন, ‘একটা তাঁতোত হামরা স্বামী-স্ত্রী মিলে কাজ করি। শ্রমিক দিয়ে কাজ করাইলে মজুরি দেওয়া লাগবে। সেইটা তো বাঁচি যায়।’ আবদুল গনির তাঁতে দেখা গেল তাঁর দুই ছেলে কাজ করছেন। কুদ্দুস মিয়ার কারখানায় কাজ করছেন স্ত্রী গোলজান বেগম। জনপ্রতিনিধিরা বলেন: গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, প্রথম প্রথম রহমান একাই তাঁত বসিয়ে বেনারসি শাড়ি বুনছেন। এখন রহমানের দেখাদেখি গ্রামের অনেকেই এই কাজে যুক্ত হয়ে পড়ে। গ্রামের মানুষ কর্মমুখী হয়ে উঠেছে। গ্রামের দৃশ্যপট বদলে গেছে।বিসিকের উদ্যোগ: সরকারিভাবে বিসিকের উদ্যোগে ওই গ্রামে কিছু জমি ক্রয় করা হয়েছে। সেখানে দুই কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে বেনারসি শাড়ির প্রকল্প করা হবে। বিসিক রংপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শংকর কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘তাঁতশিল্পকে উৎসাহিত করতে ওই গ্রামে একটি জমি কেনা হয়েছে। আশা করি, এর কাজ শিগগিরই শুরু করা হবে।’