রহস্য ভেঙে ম্যাককালাম
৮৮.৫০—ওয়ানডে ক্রিকেটে ব্রেন্ডন ম্যাককালামের স্ট্রাইক রেট। ওয়ানডেতে তিন হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ স্ট্রাইক রেট এটা। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ২৮ বলে করেছিলেন ৮০। স্ট্রাইক রেট ছিল ২৮৫.৭১। পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসগুলোর মধ্যে এই স্ট্রাইক রেট দ্বিতীয় সর্বোচ্চ।ম্যাককালামের এমন আরও অনেক কীর্তিই আছে। কিন্তু বিশ্বকাপের ম্যাককালাম যেন এক রহস্যই। ২০০৩ ও ২০০৭—দুই বিশ্বকাপে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে ১০ ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র একবারই। এই বিশ্বকাপে যেন সেই রহস্য উন্মোচন করতে এসেছেন নিউজিল্যান্ড ওপেনার। তবে প্রথম দুই ম্যাচে ঢাকা থাকলেন সেই রহস্যেই। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৭৬ রান করে বেরিয়ে এলেন রহস্যের অবগুণ্ঠন খুলে। পরশু কানাডার বিপক্ষে যেন নিজেকে মেলে ধরলেন নতুন করে।সত্যিই নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন ম্যাককালাম। বিশ্বকাপে আসার আগে সর্বশেষ ১০টি ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৪২। বিশ্বকাপের শুরুতেও ফিরে পাননি ছন্দ। প্রথম দুই ম্যাচে করেছেন ৪২ রান। তবে পরশু কানাডার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে নিজেকে হারিয়ে খোঁজা ম্যাককালাম ফিরেছেন স্বমহিমায়।ম্যাককালামের স্বমহিমা মানেই দুর্দান্ত স্ট্রাইক রেট। কানাডার বিপক্ষে ১০১ রানের ইনিংসটি তিনি খেলেছেন ১০৯ বলে, যাতে আছে ১২টি চার ও দুটি ছয়। স্ট্রাইক রেট ক্যারিয়ার স্ট্রাইক রেটেরও বেশি—৯২.৬৬।বিশ্বকাপে তাঁর রেকর্ড ভালো নয়, বাজে ফর্মও যাচ্ছিল, তবু ম্যাককালামকে বিশ্বকাপ দলে কেন রেখেছিল নিউজিল্যান্ড, সেই প্রমাণই যেন দিতে শুরু করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। প্রতিদান দিতে শুরু করেছেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যানি মরিসনের বিশ্বাসের। বিশ্বকাপের আগে মরিসন বলেছিলেন, নিউজিল্যান্ড ওর ওপর খু-উ-ব নির্ভরশীল। অনেক রান করবে ম্যাককালাম এবং নিউজিল্যান্ডের জন্য কিছু করবে সে।ম্যাককালামও তাই চান। নিজের জন্য, দলের জন্য কিছু করার খুব ইচ্ছে। কানাডার বিপক্ষে সেই কাজটা করতে পেরে দারুণ খুশি ম্যাককালাম ভাইদের বড়জন, ‘দলে খুব ধীরে হলেও আত্মবিশ্বাস ফিরে আসছে। আমরা যেভাবে খেলতে চাই, ধীরে ধীরে সেভাবেই খেলতে পারছি।’