রহস্যময় মানুষ রেড থান্ডার ক্লাউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর রেড থান্ডার ক্লাউড নামটিই বেশি পরিচিত, মূল নাম কার্লোস ওয়েস্টেজ। ১৯৯৬ সালের ৮ জানুয়ারি তিনি ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করলে ক্যাটাওবা ভাষাটি তাঁর সঙ্গেই সমাহিত হলো। কারণ, ওয়েস্টেজই ছিলেন আমেরিকার আদিবাসীদের অন্যতম ভাষা ক্যাটাওবায় কথা বলতে পারা শেষ মানুষ। রেড থান্ডার ক্লাউড ক্যাটাওবা রণসংগীত, শিকারসংগীত ও ধর্মসংগীত গেয়েছেন, স্মিথসোনিয়ান মিউজিয়াম তা সংরক্ষণ করেছে। গত শতকের চতুর্থ দশকে রেড থান্ডার ক্লাউড আদিবাসী আমেরিকানদের এই ভাষার যতটা তাঁর জানা, সবটাই ভবিষ্যতের ভাষা-গবেষকদের জন্য রেকর্ড করে রেখে গেছেন। তাঁরই উদ্যোগে একালের কিছু কিছু মার্কিন সংগীতে ক্যাটাওবা ধ্বনি; শব্দ ও ঢং ঢুকেছে। আদিবাসী ভাষার ঐশ্বর্য একালের মূলধারার ভাষায় প্রবেশ করার পরও যে তার স্বাতন্ত্র্য শনাক্ত করা যায়, তা যে মানুষের উত্স সন্ধানের প্রবণতাকে উসকে দিতে পারে—থান্ডার ক্লাউড তা-ই দেখিয়ে দিয়ে গেছেন।রেড থান্ডার ক্লাউড মানুষটিকে নিয়ে রহস্যের শেষ নেই। তিনি নিজেকে ক্যাটাওবা বলে পরিচয় দিয়েছেন। যদিও পুরোপুরি ক্যাটাওবা নন। মা আদিবাসী ক্যাটাওবা এবং বাবা হন্ডুরান। রেড থান্ডার ক্লাউডের মৃত্যুর পর ভাষা-গবেষকেরা গবেষণা করে তাঁর ঠিকুজী খুঁজে বের করেছেন। ১৯৩৮-এ ভাষা-গবেষক ফ্রাঙ্ক স্পেক তাঁকে ‘১৬ বছর বয়সী ক্যাটাওবা বালক’ হিসেবে চিহ্নিত করলেও তিনি আসলে বাল্টিমোরের কালো মানুষ। আমেরিকার আদিবাসীদের বিষয়ে বাল্যকাল থেকেই কৌতুহলী অসাধারণ মেধাবী এই বালক ভাষাটিকে ভালোভাবেই আত্মস্থ করেন। ১৯৪১ সালে ভাষাতাত্ত্বিক ফ্রাঙ্ক সিলবার্ট আদিবাসী ক্যাটাওবা কম্বল জড়ানো তরুণ রেড থান্ডার ক্লাউডের দেখা পান এবং তাঁর কাছ থেকে এই ভাষা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।উনিশ শতকের শেষ দিকে যখন মরমন খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরিত করার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ক্যাটাওবাদের ছোট রাজত্বে প্রবেশ করল, তখন থেকেই শুরু হয় এই ভাষা ও সংস্কৃতির ক্ষয়। পিটার অস্টিন ২০০৮ সালে মৃত্যুর মুখে থাকা ১০টি ভাষার সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন। তিনি জানান, জেরু বা গ্রেট আন্দামানিজ ভাষায় কথা বলার মতো মানুষের সংখ্যা কুড়িজনের নিচে নেমে গেছে। তাদের একমাত্র আবাসস্থল ভারত মহাসাগরে আন্দামান দ্বীপপুঞ্জে। মনে করা হয়, এটি প্রাক-নিওলিথিক যুগের টিকে থাকা শেষ ভাষা। আন্দামানের ভাষার সঙ্গে পৃথিবীর অন্য কোনো জায়গার ভাষার সুনির্দিষ্ট সম্পর্কসূত্র বের করা যায়নি।নু বা খোমানি ভাষায় কথা বলেন ১০ জনেরও কম বুড়ো মানুষ। দক্ষিণ আফ্রিকার কালাহারি ন্যাশনাল পার্কে তাদের অবস্থান। এ ভাষার নিকট সম্পর্কিত ভাষা জু/সু, চার হাজার মানুষের এ ভাষা অত্যন্ত ধ্বনিবহুল। এতে ৭৪টি স্বরবর্ণ, ৩১টি স্বরবর্ণ এবং চারটি ভিন্ন ধরনের স্বর। এই ভাষাটিও মরণাপন্ন।আইনু ভাষা জাপানের হোক্কাইডো দ্বীপের অল্প কিছুসংখ্যক বুড়ো মানুষের ভাষা, তারাই জাপানের আদিবাসী। আইনু ভাষায় সমৃদ্ধ লোকসাহিত্য এবং সংগীত রয়েছে। কিন্তু তা কেবল মুখের ভাষায় প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে। লিখিত রূপ পায়নি। আইনু ভাষার পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে।যাও ভাষা মধ্য তাইওয়ানের সান মুন লেকে বসবাসকারী হাতেগোনা কিছু মানুষের মুখে—অধিকাংশই নিজেদের ভাষা ছেড়ে তাইওয়ানী চীনা ভাষাকে নিজেদের করে নিয়েছে। ভাষাটির বয়স তিন হাজার বছরেরও বেশি।ইউচি যুক্তরাষ্ট্রের ওকলাহামার একটি বিচ্ছিন্ন ভাষা। এখন মাত্র পাঁচজন ভাষাটি ব্যবহার করেন—তাঁদের প্রত্যেকের বয়স ৭৫ ছাড়িয়ে। একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এ ভাষায় ১০ ধরনের লিঙ্গভেদ ব্যবহার রয়েছে। এই ভাষাটির দলিলীকরণের কাজ চলছে।ওরো উইন ব্রাজিলের রনডোনিয়া রাজ্যের একটি অবগুণ্ঠিত জনগোষ্ঠীর ভাষা। ১৯৬৩ সালে প্রথম তারা বাইরের জগতের সংস্পর্শে আসে। দুবার বহিঃশত্রুর আক্রমণে ওরো উইন জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই হতাহত হয়। জীবিত ৫০ জনের মধ্যে এখন মাত্র পাঁচজন ভাষাটি ব্যবহার করে।কুসুন্দা নেপালের শিকারি সম্প্রদায়ের ভাষা। মনে করা হতো, এই ভাষা এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ভাষা ব্যবহারকারী আটজনকে খুঁজে পেয়েছেন।রাশিয়ার কোরা উপকূলে তের সামি ভাষা ব্যবহার করছেন মাত্র ১০ জন বৃদ্ধ। অস্ট্রেলীয় আদিবাসী ভাষা গুগু ইমিধির বলেন মাত্র ২০০ লোক। ১৭৭০ সালে অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক এ ভাষার একটি শব্দতালিকা তৈরি করেন। ‘ক্যাঙ্গারু’ শব্দটি এসেছে গুগু ইমিধির ভাষা থেকেই। সাইবেরিয়ার ইয়েনেসি নদীর ধারে ৬০০ মানুষ কথা বলে কেট ভাষায়, কিন্তু তাঁদের শিশুদের কারও ভাষাই কেট নয়, রুশ।পিটার বর্ণিত এ ১০টি ভাষাই বিশেষভাবে বিপন্ন।