রহিদুলের ফের অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় তীব্র ব্যথায় কাতরাচ্ছেন প্রথম আলোর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম মিয়া। গতকাল রোববার সকালে দন্ত বিভাগের চিকিৎসকেরা আবারও তাঁর অস্ত্রোপচার করেছেন। এবার মুখের ওপরের চোয়ালের দাঁতগুলো তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার চিকিৎসকেরা রহিদুলের মুখের ভেঙে যাওয়া নিচের চোয়াল প্রতিস্থাপন করে দাঁতগুলো তার দিয়ে বেঁধে দেন। শনিবার থেকে ধীরে ধীরে কথা বলতে পারছেন তিনি। তবে চিকিৎসকেরা তাঁকে আপাতত কথা বলতে নিষেধ করেছেন। আঘাতের কারণে শরীরের অন্যান্য স্থানেও তীব্র ব্যথা।তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামে গত বুধবার আহমদিয়া মুসলিম জামায়াতের নির্মাণাধীন একটি মসজিদ ও এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে যান রহিদুল। এ সময় আহমদিয়ার বিরোধীরা তাঁকে এলোপাতাড়ি মারপিট করে ক্যামেরা, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেন।রহিদুল বলেন, ‘ওই স্থানে অগ্নিসংযোগের খবর পেয়ে বেলা দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি, আহমদিয়ার বিরোধীরা লাঠি নিয়ে বিক্ষোভ করছে। পাশে দাউ দাউ করে জ্বলছিল আহমদিয়াদের নির্মাণাধীন মসজিদ ও পাশের ঘরের দুটি কক্ষ। কিছুক্ষণ পর ১৪-১৫ জন পুলিশ আসে। পুলিশ দেখে আমি এগিয়ে যাই এবং অগ্নিসংযোগের ছবি তুলি। এরপর পেছন থেকে মধ্যবয়সী এক ব্যক্তি উসকানি দিয়ে আমার উদ্দেশে গালাগাল করে বলেন, “একে ধর। ছবি তুলেছে। আমাদের বিপক্ষে লেখপে।” অবস্থা বেগতিক দেখে আমি দৌড় দিই। পিছু নেয় আহমদিয়ার বিরোধী ১৪-১৫ জন। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে আমাকে ধরে ফেলে। এরপর মাটিতে ফেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। কেউ একজন লাঠি দিয়ে আমার মুখে গুঁতা মারে। তখন মনে হলো মুখের ভেতরটা চুরমার হয়ে গেছে। মুখ দিয়ে প্রচুর রক্ত পড়তে থাকে। এ সময় কেউ কেউ আমাকে মারতে নিষেধ করলে তারা চলে যায়।’এরপর তারাগঞ্জের ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক গোলাম সরওয়ার ও চান্দেরপুকুর গ্রামের সহিদার রহমান রহিদুলকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।রহিদুল অভিযোগ করেন, ‘আমাকে পেটানো ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার সময় সেখানে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ থাকলেও এগিয়ে আসেনি। পরেও খোঁজ-খবর নেয়নি।’রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, মুখের নিচের চোয়ালের সঙ্গে ভারসাম্য রক্ষায় ওপরের চোয়ালের দাঁতগুলোও তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তাঁকে ব্যথানাশক ওষুধ ও ইনজেকশন দেওয়া হচ্ছে। এ সময় কথা না বলতে এবং নরম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সাংবাদিক রহিদুল মিয়া কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, রংপুর পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) লুৎফর রহমান, জেলা প্রশাসক ফরিদ আহমেঞ্চদ ও তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রহিদুলকে দেখতে যান এবং তাঁর অবস্থার খোঁজ-খবর নেন।ক্ষোভ ও নিন্দা: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহিদুল ইসলামকে পিটিয়ে আহত করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের (উফেসাপ) সভাপতি তৌহিদুর রহমান, মহাসচিব কৃষ্ণ কুমার চাকি, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উফেসাপ বদরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মেজবাউল কবীরসহ অন্য সাংবাদিকেরা। তাঁরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।