রহিম ও রেজ্জাকুলকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে কারা-ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী সুপার মো. মনিরুজ্জামান চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর আদালতের হাকিম এইচ এম ফজলুল বারী গতকাল রোববার সকালে এই আদেশ দেন।১০ ট্রাক অস্ত্র মামলায় এর আগে এনএসআইয়ের সাবেক এই দুই কর্মকর্তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যে রহিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু রেজ্জাকুল এখনো আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। এনএসআইয়ের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে ২০০৯ সালের ১৫ মে রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর থেকে ঢাকার যৌথ জিজ্ঞাসাবাদ সেলে এবং সিআইডি কার্যালয়ে নিয়ে রেজ্জাকুলকে মোট চার দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রতিবারই জিজ্ঞাসাবাদে রেজ্জাকুল কিছু সত্য গোপন করছেন বলে সিআইডি কর্মকর্তারা মনে করছেন।মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, রেজ্জাকুল অনেক কথাই বলেননি। অস্ত্র আনার বিষয়ে অনেক কিছুই তিনি এড়িয়ে গেছেন। এ জন্য তাঁকে আবার জিজ্ঞাসাবাদের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।জাতীয় গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি গত বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি বলেন, ‘দশ ট্রাক অস্ত্র পাচারের বিষয়টি রেজ্জাকুলসহ এনএসআইয়ের শীর্ষ কর্মকর্তারা আগে থেকে জানতেন। রেজ্জাকুলের সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার যোগাযোগ ছিল। অস্ত্র আটকের পর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জমান বাবরের নির্দেশে সরকারের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে রেজ্জাকুলকে রাখতে হয়েছিল। ওই তদন্ত কমিটি অস্ত্র পাচারের সঙ্গে রেজ্জাকুলসহ এনএসআইয়ের অন্যান্য কর্মকর্তার জড়িত থাকা এবং উলফার জন্য অস্ত্র আনার বিষয়টি উহ্য রেখে দায়সারা গোছের প্রতিবেদন দেয়।’ তদন্ত কর্মকর্তা বলেন, তৎকালীন ডিজিএফআই মহাপরিচালকের জবানবন্দি প্রকাশের পর রেজ্জাকুলকে নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দিয়েছে।২০০৪ সালের ২ এপ্রিল ভোরে সিইউএফএল জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। এসব অস্ত্র উলফার জন্য আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকে জানা গেছে। এ ঘটনায় ইতিমধ্যে ডিজিএফআই ও এনএসআইয়ের তৎকালীন পাঁচজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র আটকের সময় ব্রিগেডিয়ার রহিম ছিলেন এনএসআইয়ের মহাপরিচালক এবং তদন্ত চলাকালে ছিলেন মেজর জেনারেল রেজ্জাকুল।