রহিমপুরে খাসজমি দখলের চেষ্টা
কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন ১০ শতক খাসজমি অবৈধভাবে দখল করে গৃহনির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ২৯ অক্টোবর ইউনিয়ন পরিষদের পেছনের জমিতে গৃহনির্মাণের জন্য ইট-বালু এনে জমা করেন স্থানীয় প্রভাবশালী ইরেশ লাল রায়। উপজেলা ভূমি অফিস ওই খাসজমি থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বললেও সে নির্দেশ মানা হচ্ছে না।খোঁজ নিয়ে জানা যায়, রহিমপুর ইউনিয়নের দক্ষিণাংশে ১০ শতক খাসজমি অবৈধ দখল করে সেখানে একটি গৃহনির্মাণ করার জন্য ইট-বালু এনে রাখেন ইরেশ লাল। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে ২০০৭ সালেও মুক্তিযোদ্ধা সাইনবোর্ড লাগিয়ে একই ভূমি দখলের চেষ্টা করেছিলেন তিনি। ওই বছর ১ জুন প্রথম আলোয় ‘কমলগঞ্জে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড লাগিয়ে খাসজমি দখলের চেষ্টা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। বিষয়টি সে সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় তহশিল অফিসের নজরে এলে পরদিনই সাইনবোর্ড জব্দ করা হয়। এর প্রায় আড়াই বছর পর আবারও ইরেশ লাল রাতের আঁধারে জমিটিতে ইট-বালু এনে স্তূপ করেছেন। লোকমুখে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীর নির্দেশে মুন্সীবাজার ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার অসীত চন্দ্র দেব গত ২ নভেম্বর সরেজমিনে গিয়ে তদন্ত করেন। তদন্ত শেষে তহশিলদার ইরেশ লালকে স্তূপ করা নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দিলেও এখনো তিনি তা করেননি। ১৪ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই জমিতে এখনো ইট ও বালু পড়ে রয়েছে। তহসিলদার অসীত চন্দ্র দেব জানান, গত ৩ নভেম্বরের মধ্যে খাসজমি থেকে ইট ও বালু সরিয়ে নেওয়ার কথা দিয়েছিলেন ইরেশ লাল। তার পরও সেগুলো পড়ে থাকতে দেখে ইরেশ লালকে খোঁজা হয়। কিন্তু তাঁকে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি বলে জানান তহশিলদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ওসব নির্মাণসামগ্রী নিজেরা সরিয়ে না নিলে তা জব্দ করা হবে। কিন্তু গত নভেম্বর মাসে জব্দ করার কথা বলা হলেও রহস্যজনক কারণে এসব ইট ও বালু আজও জব্দ করা হয়নি। ৯ ডিসেম্বর অভিযুক্ত ইরেশ লালের সঙ্গে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তহশিলদার অসিত চন্দ্র বলেন, মাসখানেক আগেও একবার ইরেশ লাল ইট ও বালু সরাবেন বলে জানিয়েছিলেন। এখন তিনি বলছেন, এখানে ইউপি সদস্য আবদুল মজিদ খানের জন্য কিছু রিং স্লাব তৈরি করা হচ্ছে। তাই ইট ও বালু রাখা হয়েছে। এদিকে ইউপি সদস্য আবদুল মজিদ বলেন, আমি কাউকে রিং স্লাব তৈরি করতে বলিনি। এগুলো ইরেশ লাল কেন এনেছেন তিনিই বলতে পারবেন।