রাজধানীর রমনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসহাক হত্যা মামলার আসামি আবদুর রহিমের জামিন বাতিল করেছেন আদালত। অন্য একটি মামলায় তাঁকে এক দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ বৃহস্পতিবার প্রতারণা মামলায় রহিমকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, রহিম কিছুদিন আগে ইমাম হত্যা মামলায় তথ্য গোপন করে জামিন নিয়েছিলেন। আজ ওই মামলায় হাজিরা থাকলেও তিনি হাজিরা দেননি। এসব পর্যালোচনা করে মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন বাতিল করেন।ডিবি সূত্র জানায়, গতকাল বুধবার মালয়েশিয়া থেকে রহিম বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। রমনা মসজিদের ইমাম হত্যা মামলায় জামিনে থাকা রহিমকে সেখান থেকে ডিবি পুলিশ আটক করে। এরপর রুহুল আমিন নামে এক ব্যক্তি মতিঝিল থানায় রহিমের বিরুদ্ধে প্রতারণার মামলা করলে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। রুহুল আমিন নামের ওই ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা নিলেও তাঁকে মালয়েশিয়া পাঠাননি রহিম।ডিবির কর্মকর্তারা জানান, দুলু সিকদার নামে এক ব্যক্তিকে মালয়েশিয়ায় নিয়ে হত্যা করে লাশ গুমের অভিযোগে রহিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় এ ব্যাপারে মামলা হচ্ছে। দুলুকে মালয়েশিয়া নিয়ে হত্যার পর লাশ গুম করা হলেও রহিম বিমানবন্দর থানায় আটক হওয়ায় আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ওই থানায় মামলা হবে।ডিবির কর্মকর্তারা জানান, রমনা মসজিদের ইমাম খুনে এর আগে গ্রেপ্তার হওয়া কাজী বায়েজিদ আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, মালয়েশিয়া-প্রবাসী রহিমের পরিকল্পনা ও নির্দেশে তাঁর ভগ্নিপতি একরাম, নাজিমউদ্দিন ও মুরাদ মিলে হাত-পায়ে শেকল বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে ইসহাককে শ্বাসরোধে হত্যা করেন। রমনা মসজিদের ইমামকে খুন করার পর আবদুর রহিম মালয়েশিয়ায় পালিয়ে যান। সেখান থেকে ৬ জুলাই দেশে ফিরে তথ্য গোপন করে আদালত থেকে ওই মামলায় তিনি জামিন নেন। এ মামলায় হাজিরা দিতে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।মামলা তদারককারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, দুই মাস আগে আবদুর রহিম, তাঁর সহযোগী কাজী বায়েজিদ, একরাম, নাজিমউদ্দিন ও মুরাদ হোসেনকে অভিযুক্ত করে হত্যা মামলার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া বায়েজীদ ও নাজিম কারাগারে। অভিযোগপত্রভুক্ত একরাম ও মুরাদ পলাতক।ডিবি কর্মকর্তারা জানান, চট্টগ্রামে একটি লবণ কারখানার মালিকানা নিয়ে ইসহাকের চাচাতো ভাই রহিমের সঙ্গে আরেক আত্মীয়ের বিরোধ হয়। এ বিরোধ মেটাতে ইসহাক মধ্যস্থতা করেন। এতে রহিম অসন্তুষ্ট হন এবং প্রতিশোধপরায়ণ হয়ে তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাজিমউদ্দিনসহ কয়েকজনকে নিয়ে ইসহাককে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বায়েজিদের ভগ্নিপতি একরাম খানকে।