রাংখুমা, একটি কবিতা এবং মুক্তিযুদ্ধের সার্টিফিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রায় ১০ বছর আগে সিলেট হয়ে আমরা ত্রিপুরা বেড়াতে গেলাম। রওনা হলাম জম্পুই হিলে। জম্পুই হিল উচ্চতায় সাড়ে তিন থেকে চার হাজার ফুট। ত্রিপুরা সরকার থেকে ট্যুরিস্ট বাস ভাড়া নিলাম। আমরা সংখ্যায় ছয়জন। বাসের ড্রাইভার ও হেলপার নিয়ে আটজন। অথচ আমাদের বাস দেওয়া হলো ২০ আসনের। এত বড় ফাঁকা বাস নিয়ে পাহাড়ে চড়া প্রথমটায় ভয়ই করছিল। জম্পুই হিলে যাওয়ার আগেই নীরমহল, ত্রিপুরা রাজবাড়ী, মেলাঘর ঘুরে বেড়ালাম; মেলাঘরে এসে ’৭১-কে স্মরণ করলাম। ’৭১-এর যুদ্ধে মেলাঘরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, হাসপাতাল, ট্রেনিং সেন্টার ছিল। আজও ত্রিপুরাবাসী আমাদের যুদ্ধকে স্মরণ করে, আমরাই স্মরণ করি না তাদের কথা, যারা প্রতিবেশীর বিপদে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছিল আশ্রয়, অন্ন, চিকিৎসা দিয়ে। মেলাঘর থেকে আমরা জম্পুই হিলে রওনা দিলাম। পথে পাহাড়ি এলাকায় ভারতীয় ব্ল্যাক ক্যাটসের বিশেষ দল আমাদের কিছুটা রাস্তা পাহারা দিয়ে নিয়ে এল, বিদেশি পর্যটকেরা যাতে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তাই।পাহাড়ি পথে নির্জন রাস্তায় এভাবে পাহারা দিয়ে আমাদের নিয়ে আসাতে গা আরও ছমছম করছিল। ভাবছিলাম, যদি এরই মধ্যে চরমপন্থীরা হামলা করে, তাহলে দেশে বোধহয় আর ফিরে যাওয়া হবে না। যাক সেসব কথা, পথে কোনো বিপদই হয়নি। সন্ধ্যার কিছু আগেই আমরা জম্পুই হিলে সরকারি গেস্টহাউসে পৌঁছে গেলাম। সাদামাটা গেস্টহাউস, রুমের সামনে বিরাট বারান্দা। ওখানে পৌঁছে আমাদের বেশ শীত করতে লাগল। আসলে উচ্চতার কারণেই এই ঠান্ডা অনুভূত হলো। আমরা ঢাকা থেকে কোনো গরম কাপড় সঙ্গে আনিনি, তাই একেকজন দুটি করে জামা পরে, পায়ে মোজা পরে, মাথা ওড়না দিয়ে ঢেকে নিলাম।কমলা ফুলের গন্ধে চারদিক ম-ম করছে। এর আগে আমি কোনো দিন কমলা বাগানে যাইনি। কমলার সুগন্ধ এমনভাবে আসছিল, যেন মনে হচ্ছিল কেউ আমার পাশে বসেই কমলা ছিলে খাচ্ছে।যে লোকটি আমাদের সামান্য বাক্সপেটরা নামিয়ে আনল, হাসিমুখে আমাদের অভ্যর্থনা জানিয়ে ঘর দেখিয়ে দিল, তার নাম রাংখুমা।মধ্যবয়সী সুঠাম দেহ, চেহারাটা পাহাড়ি পাহাড়ি। সবার খিদে পেয়েছিল, তাই রাত আটটার মধ্যেই ডাইনিং হলে আমাদের খাবার দেওয়া হলো। সে রাতে ডিম ভাজা আর সবজি দিয়ে গোগ্রাসে ভাত খেলাম আমরা কজন। পরের দিন দুপুরে বনমোরগের রোস্ট অর্ডার দেওয়া হলো। আশপাশে কিছুই নেই। সুনসান-চুপচাপ। একটা পাখি উড়ে গেলেও তার ডানা ঝাপটানোর শব্দ পাওয়া যায়। রুমের সামনের বিশাল বারান্দা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম এটি একটি ঝুলন্ত বারান্দা এবং পাহাড় থেকে ঝুলছে, এর নিচে কিছুই নেই। এ দৃশ্য দেখার পর পা ঠকঠক করে কেমন যেন কেঁপে উঠল। ব্যালকনি শক্ত করে চেপে ধরলাম। অনেক নিচে একটা ছোট কুঁড়েঘরে দেখা গেল, সামান্য বাতি জ্বলছিল সেখানে। ওটা কী—জিজ্ঞেস করায় রাংখুমা হাসিমুখে এগিয়ে এসে বলল, ওটা? ওটা চীনা জিনের চিংকু আস্তানা আর ওর পাশেই চায়ের দোকান। শ্রমিকেরা সারা দিন বাগানে কাজ করে রাতে ওখানে চা-বিস্কুট খায়।এই নির্জন জঙ্গলে আমরা কজন। তার ওপর চীনা জিনের আস্তানা, গা শিউরে উঠল। আমার বেটার হাফ বলে উঠলেন, ‘চলো না পাহাড় থেকে একটু নেমে চা পান করে আসি।’ উহু, চা খেতে চাইলে রাংখুমাই যথেষ্ট। এত রাতে জঙ্গল গলে আস্তানার পাশে চা খাওয়া আমার পছন্দ হলো না।পরদিন খুব ভোরে বনমোরগের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে জানালার পাশে যেতেই দেখি কয়েকটা দুষ্ট বানর বনমোরগ তাড়িয়ে বেড়াচ্ছে। মোরগগুলো উড়ে উড়ে গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে আর কুকউ রুককুউ বলে ডেকে উঠছে। দৃশ্যটা নতুন এবং মজার। আমি আমার মেয়ে ও মেয়ের বাবাকে ডেকে তুললাম। কম্বল ছেড়ে তারা উঠতেই রাজি না। আগস্ট মাসে ঢাকায় কী গরম আর জম্পুই হিলে কী ঠান্ডা রে বাবা, আমরা ধারণাই করতে পারিনি।এর মধ্যেই দরজায় কড়া, রাংখুমা কফি নিয়ে এসেছে। একেবারে মালাই ভাসছে তার ওপর। কী যে ভালো লাগল আমাদের তা আর বলতে? একেক করে বিছানা ছেড়ে কফি খেয়ে আমরা তৈরি হয়ে নিলাম। জম্পুই পাহাড় দেখতে বের হব যে সকালের নাশতায় ইয়া বড় বড় বিচি কলা, ডিম ভাজি, ঘণ্ট ও পরোটা। গরম গরম পরোটা দিয়ে ঘণ্ট কী যে মজা! আমরা নাশতা খেয়ে জিপের জন্য অপেক্ষা করতে লাগলাম। সময়মতো জিপ এল। আমরা বেরিয়ে পড়লাম জম্পুই হিলের একটু দূরে উনকুটি নামের দর্শনীয় স্থানে। পথে ক্রিস্টান হসপিটাল, একটি প্রাইমারি স্কুল পরিদর্শন করলাম। উনকুটি খুব সুন্দর একটি দর্শনীয় স্থান। বড় বড় পাথর কেটে নানা আকৃতিতে সাজানো উঁচু-নিচু সিঁড়ি। অনেক সিঁড়ি। কত সিঁড়ি ছিল তা এ মুহূর্তে মনে নেই। পুরোনো ছবি ঘেঁটে অবাক হয়ে তাকিয়ে থাকলাম সিঁড়ির দিকে। পাহাড়ের পাথর কেটে কেটে এগুলো বহু আগে নির্মাণ করা হয়েছিল। সিঁড়ির পাশ দিয়ে ঝরনার পানি গড়িয়ে পড়ছে। সে পানি জমা হচ্ছে একটা মস্ত বাঁধাই করা কুয়ায়। কুয়ার আশপাশেও জল থই থই করছে। সে দৃশ্য সত্যিই মজার। ঠান্ডা পানি, ঝরনার পানিতে পুরো শরীরটাকে ঠান্ডা করে নিতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। ১০ বছর পর যখন ছবিগুলো দেখছি তখন ভাবছি, এখন উনকুটি গেলে বোধহয় আর সিঁড়ি বেয়ে ওঠানামা করা সম্ভব হতো না।সারা দিন বনবাদাড়ে ঘুরে ভালোই লাগল। বিকেলে রেস্টহাউসের বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় রাংখুমা এসে সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, ‘আম্মা, আপনারা বাংলাদেশ থেকে আইছেন?’ আমি উত্তরে বললাম, ‘জি’। রাংখুমা এবার আমার বেটার হাফের কাছে গিয়ে বলল, ‘স্যার, আমি মুক্তিযোদ্ধা, ’৭১ সালে আমিও যুদ্ধ করছি আপনার দ্যাশের নাগি।’আমরা কিছুক্ষণের জন্য অবাক চোখে নির্বাক চেয়ে রইলাম রাংখুমার দিকে। আমি বলে উঠলাম, ‘আপনি মুক্তিযোদ্ধা?’ ‘জি মাইজি।’ তার পর শুরু হলো ’৭১-এর গল্প। সবাই আগ্রহ নিয়ে ওকে অনেক প্রশ্ন করতে থাকলাম। বিকেল গড়িয়ে রাত নেমে এল। খোলা ঝুলন্ত ব্যালকনির ওপর দিয়ে মেঘ ভেসে ভেসে যেতে থাকল।মনের দুঃখ চেপে সে বলল, ‘জীবন বাজি দিয়ে যুদ্ধ করনু, তারপর আমাদের আরও কেউ খবর করনু না।’ আমরা উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানালাম।পরদিন খুব ভোরে আমাদের সেই বড় বাসে করে আবার ফেরত যাত্রা। সারা রাত ভাবলাম, আমরা কী করলাম? যারা আমাদের জন্য এত করল, তাদের জন্য একটা সামান্য ধন্যবাদও দিতে পারিনি মন খুলে।রাত জেগে কবিতা লিখলাম। একজন মুক্তিযোদ্ধাকে আমার তরফ থেকে, একজন বাংলাদেশির তরফ থেকে শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলাম। পরদিন সকালে নাশতার টেবিলে পড়ে শোনালাম তাকে কবিতা। আমার গলা ধরে এল। চোখ ঝাপসা হয়ে এল।আমার দেশের জন্য তাদের অবদানের কথা ভেবে শ্রদ্ধায় মাথা নত হয়ে এল। রাংখুমা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে চোখ মুছল।বিদায়ের বাঁশি বেজে উঠল। বাস হর্ন দিচ্ছে। ত্রিপুরার জম্পুই হিলে খুঁজে পেয়েই যেন হারিয়ে ফেললাম এক বীর মুক্তিযোদ্ধাকে। কিছুই করতে পারলাম না তার জন্য। শুধু অন্তরের শ্রদ্ধা জানিয়ে এলাম একচ্ছত্র কবিতা লিখে। তারপর ১০টি বছর কেটে গেছে। অ্যালবামটিও পড়েছিল গাদাগাদি করে অনেক অ্যালবামের ভেতর। রাংখুমাকে প্রায় ভুলেই গেছিলাম।গত বছরের ১৫ মে প্রথম আলো অফিসে যাই একটি কাজে। ফিচার বিভাগে একজনের সঙ্গে কথা বলছিলাম। আমার নামটি কানে যেতেই পাশ থেকে ফিরোজ জামান চৌধুরী সরাসরি আমাকে প্রশ্ন করেন, ‘আপনি কি জম্পুই হিলে কখনো বেড়াতে গিয়েছিলেন?’ আমি আবারও অবাক হয়ে বলি, ‘অনেক দিন আগে।’তিনি বলেন, ‘আপা, আমি এত দিন আপনাকে খুঁজছি।’ বললাম, ‘কী ব্যাপার বলুন তো?’ফিরোজ বললেন, ‘জম্পুই হিলে আমার সঙ্গে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার দেখা হয়। আমি যখন তাঁকে জিজ্ঞেস করি তাঁর কাছে কি কোনো প্রমাণ আছে? বৃদ্ধ বলেন, “আছে স্যার, তোমাদের বাংলাদেশ থেকে আমাকে সার্টিফিকেট দিছে। প্রমাণ আছে।” সার্টিফিকেট দেখতে চাইলাম। দুই দিন বাদে তিনি একটা কাগজকে চুমু খেয়ে আমার হাতে তুলে দিলেন।কিসের সার্টিফিকেট? এ তো নিছক এক কবিতা। তাও আবার অত পরিচিত কোনো মানুষের নাম নেই শেষে। কবিতার শেষে শুধু তারিখ এবং নাজিয়া জাবীন, ঢাকা, বাংলাদেশ দেখতে পাই।’ ফিরোজ যখন গল্পটি বলছিলেন তখন আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে। স্মৃতির গহিনে পাহাড়ি পথে সুঠামদেহী রাংখুমার চেহারাটা ঝাপসা ভেসে উঠল। কিন্তু তাকে কবিতা লিখে শ্রদ্ধা জানানোর ঘটনাটা ঝলমলে সূর্যের মতোই জ্বলজ্বল করে উঠল আমার মনের পাতায়।একজন বীরযোদ্ধা, একজন আশ্রয়দানকারী, আমার লেখা কবিতা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বলে বুকে আগলে রেখেছে। আমার মতো সামান্য নামহীন একজন মানুষের কবিতা, আমি ভাবতেও পারি না এই সুখানুভূতির কথা। বাড়িতে এসেই পুরোনো অ্যালবাম ঘেঁটে রাংখুমার ছবি বের করি। গেস্টহাউসের ঝুলন্ত বারান্দায় আমি, আমার মেয়ে আর মাঝখানে রাংখুমা তার হাতে আমার শ্রদ্ধাভরা একচ্ছত্র কবিতা, যে কবিতা আজ নাকি তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট।