রাইজার চোরের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকালবেলা ঘুম থেকে উঠে চুলা ধরাতে গিয়েই বাধল বিপত্তি। চুলার চাবি বারকয়েক ডানে-বাঁয়ে ঘোরানোর পরও চুলা থেকে গ্যাস বের হচ্ছে না। চুলাও জ্বলছে না। পরে নিচে গিয়ে দেখি, গ্যাসের সরবরাহ নলের রাইজারটি নেই। বুঝলাম, রাতেই এটি চুরি হয়েছে।’ বলছিলেন ১৮৬ লালমোহন সাহা স্ট্রিটের জেসমিন আক্তার।তাঁর মতো এমন বিপত্তিতে পড়ছেন লালমোহন সাহা স্ট্রিটের আরও অনেক গৃহিণী। তাঁরা জানালেন, মাস দুয়েক ধরে গ্যাসের রাইজার চুরি হচ্ছে দক্ষিণ মৈশুণ্ডীর লালমোহন সাহা স্ট্রিট এলাকা থেকে।দক্ষিণ মৈশুণ্ডী বড় জামে মসজিদের বিপরীতে ১৮৩ নম্বর বাড়ির গৃহকর্ত্রী বিবি ফাতেমা জানান, সরকারি নিয়মে এলাকার প্রায় সব বাড়ির গ্যাসের রাইজারই রাস্তার দিকে লাগানো। ফলে বাড়ির বাইরে থাকায় গ্যাসের রাইজার চুরি হচ্ছে। রাইজার চুরি হলে নানা ঝামেলায় আবার গ্যাসের সংযোগ পেতে দিন তিনেক লেগে যায়। ফলে রান্নাবান্নায় বেশ একটা ধকল পোহাতে হয়।লালমোহন সাহা স্ট্রিটের ১৮৬/১ নম্বর হোল্ডিংয়ের কাছে গিয়ে দেখা গেল, তাদের রাইজারটি লোহার খাঁচায় মোড়ানো। এলাকার অনেক বাসিন্দা রাইজার চুরি হওয়ার ভয়ে লাগাচ্ছেন এমন লোহার বেষ্টনী। আবার কেউ কেউ রাইজারের নিচে বাড়তি নল জুড়ে সেটিকে তুলে দিয়েছেন চোরের নাগালের চেয়ে অনেক উঁচুতে।এলাকার মসজিদের গলির বাসিন্দা সাবের হোসেনের বাসায় রাইজার চুরি হয় কিছুদিন আগে। রাতে শব্দ পেয়ে তাঁর ছোট ভাই ধাওয়া করেন চোরের দলটিকে। পরে অনেক সময় খরচ করে ফেরত পান তাঁদের রাইজারটি। অন্যদিকে, একশ্রেণীর গ্যাস-মিস্ত্রিকে কিছু পয়সা দিয়ে পুরোনো মডেলের রাইজার ফেরত পেয়েছেন অনেকেই। এলাকার চুরি যাওয়া রাইজার পাওয়া যাচ্ছে গোপীবাগ আর নারিন্দার মনির হোসেন খান লেনের একাধিক ভাঙারির দোকানে। পুরোনো মডেলের একেকটি রাইজার সেখানে বিকোচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকায়।লালমোহন সাহা স্ট্রিটের ১৮৬ নম্বর বাড়ির মাহফুজুর রহমান, ১৮৯/১ নম্বর বাড়ির মোহাম্মদ দুলাল এবং ১৮৩ নম্বর বাড়ির আবদুর রাজ্জাক মিলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডে (মতিঝিল জোন) রাইজার চুরির বিষয়টি জানিয়েছেন। তিতাস কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, চুরি হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর তিতাস কর্তৃপক্ষ নতুন রাইজার বসাবে। ব্যাপারটি বেশ সময়সাপেক্ষ বলে বেশির ভাগ এলাকাবাসী নিজ উদ্যোগে চার-পাঁচ হাজার টাকা খরচ করে গ্যাসের রাইজার বসিয়ে নিচ্ছেন বলে তাঁরা জানান।লালমোহন সাহা স্ট্রিটের বিবর্তন ছাত্র সংসদের সভাপতি সৈয়দ মনোয়ার আলী জানান, ১৪০ ও ৯৮ লালমোহন সাহা স্ট্রিটের রাইজার চুরি হয়েছে মাস খানেক আগে। এভাবে প্রায় ১০-১৫টি বাড়ির রাইজার চুরি হয় সপ্তাহ খানেকের মধ্যে। এলাকায় পুলিশের টহল নেই বললেই চলে। ফলে এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। ছিঁচকে চুরি বেড়ে গেছে। রাইজার চুরি প্রতিরোধে এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি করেন এলাকাবাসী।রাইজার চুরির বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, লালমোহন সাহা স্ট্রিটের চুরির ঘটনায় এলাকাবাসী বা তিতাস কর্তৃপক্ষের কেউই পুলিশের কাছে অভিযোগ করেননি। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। এলাকায় পুলিশের টহল নিয়মিত আছে বলে তিনি দাবি করেন।