বিডিআর বিদ্রোহের ঘটনায় রাইফেল নিরাপত্তা শাখার (আরএসইউ-রাইফেল সিকিউরিটি ইউনিট) ১০৯ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন পিলখানায় স্থাপিত বিশেষ আদালত। তাঁদের মধ্যে সর্বোচ্চ সাত বছরের সাজা পেয়েছেন ৩৪ জন। মামলা থেকে খালাস পেয়েছেন চার আসামি।বিশেষ আদালত-৭-এর সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম আজ সোমবার এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার পর কয়েকজন সিপাই রায় নিয়ে নানা ধরনের মন্তব্য করেন।গত ১৫ মে আসামিদের আত্মপক্ষ সমর্থন করে সর্বশেষ বক্তব্য দেওয়ার পর আদালত রায়ের দিন ঠিক করেছিলেন গতকাল রোববার। কিন্তু হরতালের মধ্যে আদালত বসলেও রায় পিছিয়ে দেওয়া হয়। আজ রায় ঘোষণার সময় বিচারক এ প্রসঙ্গটি উল্লেখ করেন।সকাল সোয়া নয়টার আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরপরই বিচারক ও তাঁর সহযোগীরা এজলাসে আসেন। আদালতের সভাপতি প্রথমে মামলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।আদালতের সভাপতি বলেন, এ মামলায় আসামির পারিপার্শ্বিক ও শারীরিক অবস্থা, প্রসিকিউটরের বক্তব্য, সাক্ষী ও সাফাই সাক্ষীর বক্তব্য, কর্মজীবনের রেকর্ড ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে রায় ঘোষণা করা হয়েছে। আসামির বক্তব্য, তাঁদের মোবাইল ফোনের কললিস্ট, ভিডিও ও স্থির চিত্র বিবেচনায় নেওয়া হয়েছে। মোবাইল ফোনের কললিস্টে বিদ্রোহের দিন সংশ্লিষ্ট আসামির পিলখানায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।মোট ২৩ কার্যদিবসে মামলার বিচার শেষ হয়েছে। এতে ৩০ জন সাক্ষী ও ১২ জন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।সাজা: সাজা পাওয়া ১০৯ আসামির সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে সর্বোচ্চ সাত বছরের সাজা দেওয়া হয়েছে ৩৪ জনকে, একজনকে ছয় বছর, দুজনকে পাঁচ বছর, একজনকে চার বছর ছয় মাস, ছয়জনকে চার বছর, ছয়জনকে তিন বছর, দুজনকে তিন বছর ছয় মাস, একজনকে দুই বছর ছয় মাস, ১০ জনকে দুই বছর, ২১ জনকে এক বছর, দুজনকে নয় মাস, ১৬ জনকে ছয় মাস ও সাতজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।আজ রায় ঘোষণার পর আর কোনো আসামিকে এজলাসে থাকতে দেওয়া হয়নি। রায় ঘোষণা করার সঙ্গে সঙ্গে দুজন করে আসামি বের করে নেওয়া হয়। এভাবে সব আসামি গাড়িতে করে নেওয়ার সময় আসামিদের অনেকেই রায় মানি না বলে নানা ধরনের বক্তব্য দেন।