রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুই নম্বর ইউনিটে গত শনিবার রাতে ব্রয়লার বিস্ফোরণ হয়েছে। ফলে কেন্দ্রের এক নম্বর ইউনিটের পর এখন দুই নম্বর ইউনিটেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) জন্য এক নম্বর ইউনিট গত নভেম্বর থেকে বন্ধ আছে। জানা গেছে, রাউজানের দ্বিতীয় ইউনিট বন্ধ হওয়ায় চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে গতকাল রোববার বিকেল থেকে শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্ট চালু করা হয়েছে। গতকাল এই কেন্দ্রে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে পর্যায়ক্রমে এই কেন্দ্র থেকে দিনে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে কর্মকর্তারা জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুই নম্বর ইউনিট হঠাৎ করে বন্ধ (ট্রিপ) হয়ে যায়। এরপর প্রকৌশলীরা সেটি আবার চালুর চেষ্টা করেন। একপর্যায়ে রাত আটটার দিকে এ ইউনিটের ব্রয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বন্ধ হওয়ার আগে এ কেন্দ্রে গড়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। দুটি ইউনিট থেকে প্রতিদিন মোট ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল।রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এ এন এম আসাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ব্রয়লার বিস্ফোরণের কারণ অনুসন্ধানে গতকাল রোববার সকালে ঢাকা থেকে পিডিবির সদস্য (উৎপাদন) মোস্তফা কামালের নেতৃত্বে দুজন কর্মকর্তা রাউজান এসেছেন। এ ছাড়া তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজও শুরু করেছে। কবে আবার উৎপাদন শুরু হতে পারে বা ইউনিট মেরামত সম্পন্ন হবে, এ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। পিডিবি সূত্রে জানা গেছে, প্রায় চার মাস বন্ধ থাকার পর গত ১৯ মার্চ রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুই নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়। এরপর এ ইউনিট থেকে গড়ে ১২০ মেগাওয়াট থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ব্রয়লার বিস্ফোরণ সম্পর্কে কর্মকর্তারা কিছু বলতে রাজি হননি।রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় গতকাল দুপুর থেকে শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্টে উৎপাদন শুরু করেছে পিডিবি। গতকাল বিকেলে এ কেন্দ্র থেকে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। তা ছাড়া শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রেও এ সময় ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে গড়ে ২৫০ মেগাওয়াট লোডশেডিং হয় বলে পিডিবি সূত্র জানায়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্রে জানা গেছে, বিদ্যুতের উৎপাদন বাড়াতে গত ১৯ মার্চ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ওই দিন থেকে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুই নম্বর ইউনিট ও শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র চালু করা হয়। উৎপাদন বাড়াতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে কেজিডিসিএল আট কোটি ঘন ফুট গ্যাস সরবরাহ করতে রাজি হয়েছে। কিন্তু পিডিবি সে পরিমাণ গ্যাস নিতে পারছে না।