রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটিই শনাক্ত করা যায়নি
রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট প্রায় পাঁচ মাস আগে অচল হয়ে যায়। বয়লার বিস্ফোরণে প্রায় এক মাস আগে বন্ধ হয়ে যায় ২ নম্বর ইউনিটও। এত দিন পেরিয়ে গেলেও কেন্দ্রের ত্রুটিই শনাক্ত করা যায়নি। ফলে বিদ্যুৎকেন্দ্রটি আদৌ চালু করা যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।জানা গেছে, রাউজান কেন্দ্র চট্টগ্রামের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। ৪২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই কেন্দ্র থেকে দিনে সর্বোচ্চ ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব।বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, গত ২৬ মার্চ বয়লার বিস্ফোরণে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ইউনিটটি সচল করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সারা দেশ থেকে প্রায় ২০০ প্রকৌশলী এনে এক সপ্তাহ ধরে এটি মেরামতের চেষ্টা চালায়। কিন্তু ইউনিট চালু করা যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে গত নভেম্বর থেকে অচল হয়ে আছে ১ নম্বর ইউনিট। শীর্ষস্থানীয় প্রকৌশলীরা অনেক চেষ্টার পরও এটিও চালু করতে পারেননি।সূত্র জানায়, রাউজান বিদ্যুৎকেন্দ্রে মোট দুটি ইউনিট আছে। দেশি প্রকৌশলীরা ব্যর্থ হওয়ার পর ইউনিট দুটি চালু করতে চীন থেকে ১২ জন প্রকৌশলী আনা হয়। তাঁরাও দুই সপ্তাহের বেশি কাজ করে সফল হননি। তাঁরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এ এন এম আসাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি শনাক্ত করার চেষ্টা করছি। মঙ্গলবার রাতে ১ নম্বর ইউনিট কিছুক্ষণের জন্য চালু করা হয়েছিল। ২০ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আবারও সেটি বন্ধ হয়ে যায়। কবে নাগাদ কেন্দ্র দুটি চালু হবে, তা বলা যাচ্ছে না।’এত দিন পরও দুটি ইউনিটের ত্রুটি শণাক্ত করা যাচ্ছে না কেন—এমন প্রশ্নে আসাদ উল্লাহ বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে। আমরা নিজেরা চেষ্টা করছি। পাশাপাশি বিদেশি প্রকৌশলীদের সহায়তা নিচ্ছি, যাতে দ্রুত ত্রুটি সারানো যায়।’পিডিবি সূত্রে জানা গেছে, রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ অবস্থা দেখতে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির গত বৃহস্পতিবার রাউজানে যান। তিনি নিজেও সেখানে দুই দিন ছিলেন। কিন্তু ইউনিট চালুর কোনো কুলকিনারা করতে পারেননি।জানা গেছে, শীতের পুরো মৌসুম বন্ধ ছিল রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট। চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) সার উৎপাদন বন্ধ রেখে গত ১৯ মার্চ রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। শুরুতে ২ নম্বর ইউনিটটি চালু করা হয়। কিন্তু ২৬ মার্চ বিস্ফোরণের পর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিস্ফোরণের সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই নির্বাহী প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাউজানে বন্ধ থাকায় চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন নিয়ে আমরা খারাপ অবস্থার মধ্যে আছি। এই কেন্দ্রের ওপর কোনো ভরসাও করা যাচ্ছে না। কবে নাগাদ উৎপাদনে যাবে, তা-ও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’সংকট পিকিং কেন্দ্রেও: চট্টগ্রামে সর্বশেষ নির্মিত বিদ্যুৎকেন্দ্র পিকিং পাওয়ার প্লান্টেও গত শনিবার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। সেখানেও দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি। শিকলবাহায় নবনির্মিত এই প্লান্ট গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তখন থেকে গত শনিবার পর্যন্ত অন্তত পাঁচ দফায় কেন্দ্রটি বন্ধ হয়েছে।পিডিবি সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অর্ধেকে নেমে আসে। তখন রাউজান থেকে বিদ্যুৎ না পেলে চট্টগ্রামের পুরো সরবরাহ জাতীয় গ্রিডনির্ভর হয়ে পড়ে।পিডিবি সূত্র জানায়, গতকাল শনিবার রাতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এ সময় জাতীয় গ্রিড থেকে পাওয়া যায় ২২৪ মেগাওয়াট। স্থানীয় দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যায় প্রায় ৬০ মেগাওয়াট। ফলে বুধবার চট্টগ্রামে লোডশেডিংয়ের পরিমাণ ছিল প্রায় ৩০০ মেগাওয়াট।