রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রে ওভারটাইমের উত্তাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিভাগের ১২ জন কর্মচারী ১৭ মাস ধরে প্রতিদিন চার ঘণ্টার দৈনিক অতিরিক্ত কাজের ভাতা (ওভারটাইম বিল) তুলছেন। ছুটির দিনেও তাঁরা কাজ করছেন বলে কাগজপত্রে দেখানো হচ্ছে। ১৭ মাসে এই ১২ জনকে ওভারটাইম বিল দেওয়া হয়েছে ২৪ লাখ আট হাজার ৬৪০ টাকা। এ অঙ্ক এই সময়ে তাঁদের মূল বেতনের চেয়ে বেশি। বয়লার বিভাগের এই ১২ কর্মচারী হলেন মনির হোসেন, অশ্বিনী কুমার বর্মণ, চন্দন কুমার বড়ুয়া, মো. শাহজাহান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ হারুন, আমিনুল রসুল, মীর কাসেম, মুজিবুল হক, মো. জাকারিয়া, রূপন কুমার বড়ুয়া ও শহীদুল ইসলাম।এই কর্মীদের অফিস সময় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত। বিদ্যুৎকেন্দ্রের হিসাব বিভাগের নথিপত্রে দেখা গেছে, সকাল আটটা থেকে বিকেল চারটা এবং একই দিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা কাজ করেছেন বলে দেখানো হয়েছে। হিসাবমতে, এই দীর্ঘ সময় তাঁরা সাপ্তাহিক ছুটিও নেননি। সেই হিসেবে সপ্তাহে ৮৪ ঘণ্টা করে তাঁরা কাজ করেছেন। শ্রম আইন অনুযায়ী প্রতি ছয় ঘণ্টা পর এক ঘণ্টা বা পাঁচ ঘণ্টা পর আধা ঘণ্টা বিরতি পালনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অফিস সময় ও ওভারটাইমের মাঝখানে এই ১২ জন কোনো দিন বিরতি নেননি। জানতে চাইলে বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী বিমল কান্তি হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আসলে এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি নথি না দেখে কিছু বলতে পারব না।’ তবে তিনি ‘কিছু জানা নেই’ বললেও তাঁর স্বাক্ষরেই ওভারটাইম বিল তোলা হচ্ছে বলে নথিপত্রে দেখা গেছে।বয়লার বিভাগে বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম। তিনি দাবি করেন, ‘বয়লার বিভাগে কাজের চাপ বেশি। এ কারণে কর্মচারীদের ওভারটাইম করতে হয়। তবে আমাদের কিছু ভুল হয়েছে। ওভারটাইম দেওয়ার ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী বিরতি দেওয়া উচিত ছিল।’শহীদুল ইসলামের আগে এই বিভাগের দায়িত্বে ছিলেন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী স্বরূপ বিকাশ ভট্টাচার্য্য। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে না জানিয়ে ১২ জন কর্মচারীকে ওভারটাইম দেওয়া হয়। কিন্তু বিকেল পাঁচটার পর বিদ্যুৎকেন্দ্রে কোনো কর্মচারীকে কাজ করতে দেখা যায়নি। এর প্রতিবাদ করায় আমাকে ওই বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।’ হিসাব বিভাগ সূত্র জানায়, বয়লার বিভাগের ১২ জন কর্মচারী ২০১১ সালের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত ১৭ মাসে ২৪ লাখ আট হাজার ৬৪০ টাকা ওভারটাইম ভাতা তুলেছেন। অর্থাৎ প্রতি মাসে তাঁরা গড়ে এক লাখ সাড়ে ৪১ হাজার টাকা পান, যা ১২ জনের মোট মাসিক বেতনের চেয়ে বেশি বলে জানা গেছে।হিসাব বিভাগ জানায়, ওই ১২ জন কর্মচারীর গত বছরের জানুয়ারি মাসের মোট বেতন ছিল এক লাখ ২৫ হাজার ১৫০ টাকা। বাৎসরিক বেতন বৃদ্ধির কারণে চলতি বছরের জানুয়ারি থেকে এই ১২ জন সর্বমোট এক লাখ ৩৮ হাজার ২৫০ টাকা করে পেয়ে আসছেন।জানতে চাইলে ওভারটাইম নেওয়া শ্রমিক শহীদুল ইসলাম বলেন, ‘যিনি আপনার কাছে আমাদের সম্পর্কে তথ্য ও নথি সরবরাহ করেছেন তিনি বড় ডাকাত। আমরা কাজ করে ওভারটাইম নিচ্ছি। আর ওনি কী করছেন সেটারও সন্ধান নিয়ে রিপোর্ট করেন। আমাদের পেছনে লেগে লাভ কী?’