রাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার বড় ঠাকুরপাড়া গ্রামে আজ শনিবার বিকেলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত ও ছোট ভাইয়ের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। পৈত্রিক সম্পত্তিতে উত্তরাধিকার নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাই আবু মুসা (৪৫) ছিলেন দুবাই প্রবাসী। তিনি দুই মাস আগে দেশে এসেছিলেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দেড় বছর ধরে বড় ঠাকুরপাড়া গ্রামের মৃত ওমদা মিয়ার তিন ছেলের মধ্যে বড় ছেলে মো. ইসহাক (৬০) ও ছোট ছেলে মুসার মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেখানে একটি মসজিদ নির্মাণের ওপর আদালতের স্থগিতাদেশ ছিল। আজ বিকেল তিনটার দিকে বিরোধপূর্ণ জমিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে ইসহাক মসজিদের নির্মাণকাজ করতে যান। আবু মুসা এ সময় বাধা দিতে গেলে ইসহাকের ছেলে জামালসহ (২৫) ইসহাক মুসাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিরিচের আঘাতে খুন করেন। মুসার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫) তাঁর স্বামীকে উদ্ধারে এগিয়ে এলে তাঁকেও ইসহাক ও তাঁর ছেলে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করেন।নিহত মুসার ছেলে এমরান (২৪) ও মনসুর (২০) ছয় মাস আগে তাঁদের হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছিলেন বলে জানান। সে সময় পুলিশ দুই পক্ষকে ডেকে জমি নিয়ে বাড়াবাড়ি না করতে সাবধান করে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিখিল চন্দ্র মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর একজন কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছেন।বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।