রাউজানে মেয়রসহ চার সাংবাদিককে পেটাল হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে আজ সোমবার দুপুরে হরতাল চলাকালে রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশীর উদ্দিন খানসহ চার সাংবাদিককে মারধর করেছেন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। এ সময় তাঁরা স্থানীয় সাংসদের ২০-২৫টি বিলবোর্ড ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে হেফাজতের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।ওই চার স্থানীয় সাংবাদিক হলেন: মীর আসলাম, প্রদীপ শীল, ফখরুল ইসলাম ও মো. শফি। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হেফাজতে ইসলামের ব্যানারে হাটহাজারী উপজেলা থেকে প্রায় দুই হাজার হরতাল-সমর্থক মিছিল নিয়ে রাউজানের দিকে যান। এ সময় মিছিলকারীরা সরকার ও স্থানীয় সাংসদ ফজলে করিমের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সড়কের পাশে সাংসদের ২০-২৫টি বিলবোর্ড ভাঙচুর করেন। বেলা আড়াইটার দিকে মিছিলকারীরা উপজেলার মুন্সিঘাটায় পৌঁছালে রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশীর উদ্দিন খান তাঁদের থামিয়ে ভাঙচুর না করার আহ্বান জানান। এতে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন। এ সময় সাংবাদিকেরা ছবি তোলার চেষ্টা করলে তাঁরা স্থানীয় ওই চার সাংবাদিককে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন। পরে স্থানীয় লোকজন ও উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে পাঁচজনকে আটক করেন। তাঁদের পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশীর উদ্দিন খান জানান, হেফাজতে ইসলামের ব্যানারে হরতালের সমর্থনে মিছিল করে তাণ্ডব চালালেও তাঁদের অধিকাংশই ছিল বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, হেফাজতের পাঁচ সমর্থককে আটক করা হয়েছে।