রাউজানের ১০টি ইউপিতে সাংসদের সমর্থিত প্রার্থী!
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নির্দলীয় হলেও চট্টগ্রামের রাউজান উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এর মধ্যে গত বুধবার তিনি তিনটি ইউপিতে তাঁর সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেন এবং এগুলোসহ ১০ ইউপির প্রার্থীদের ওই দিন পরিচয়ও করিয়ে দেন।সরেজমিনে গিয়ে জানা যায়, সাংসদ ফজলে করিম চৌধুরী বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ওই ইউপিতে চেয়ারম্যান পদে তাঁর সমর্থিত প্রার্থী হিসেবে শেখ সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেন এবং তাঁকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরীর সমালোচনা করেন।একই দিন দুপুর ১২টার দিকে সাংসদ বাগোয়ান ইউনিয়নে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ওই ইউপিতে চেয়ারম্যান পদে তাঁর সমর্থিত প্রার্থী হিসেবে ভুপেশ বড়ুয়ার নাম ঘোষণা করেন। দুপুর দুইটার দিকে ফজলে করিম চৌধুরী পাহাড়তলী ইউনিয়নে যান এবং সেখানে চেয়ারম্যান পদে তাঁর সমর্থিত প্রার্থী হিসেবে মোহাম্মদ ইব্রাহিমের নাম ঘোষণা করেন। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন মসজিদ-মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা এবং মুক্তিযোদ্ধাদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সাংসদ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০টিতে তাঁর সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন এবং তাঁদের পরিচয় করিয়ে দেন।জানা যায়, ৭ মে সাংসদ কদলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মুজাহিদ উদ্দিনকে তাঁর সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তবে তিনি ১১ এপ্রিল হলদিয়া ইউনিয়নে প্রার্থী হিসেবে চারজনের নাম ঘোষণা করেন বলে জানান ওই চারজনের একজন রাউজান উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম। অপর তিন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান আবদুল মোমেন, মাহবুবুল আলম ও শফিকুল ইসলাম।জানা যায়, এ ছাড়া রাউজান সদর ইউপিতে চেয়ারম্যান পদে শাহ আলম, নোয়াপাড়ায় দিদারুল আলম, চিকদাইরে কাজী দিদারুল আলম, ডাবুয়ায় মোহাম্মদ আলমগীর, নওয়াজিশপুরে সোহরাওয়ার্দী সিকদার ও গহিরা ইউপিতে নাজিমুদ্দিন তালুকদারকে সমর্থন দিয়েছেন সাংসদ।সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে ফজলে করিম চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘রাউজানের বিভিন্ন ইউনিয়নে ভালো মানুষ দাঁড় করাতে না পারলে এলাকাটি সন্ত্রাসীদের হাতে চলে যাবে। এ জন্য আমাদের সচেতন থাকতে হচ্ছে। গত আড়াই বছরে এখানে একটি গুলিও ফোটেনি। এটি আমার বড় সাফল্য।’ তিনি বলেন, ‘যেসব ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের আমি সমর্থন দিচ্ছি। সেখানে তো একজন সদস্য দল থেকে নির্বাচন করতে পারেন না। তবে হলদিয়া, বিনাজুরি, পূর্ব গোজরা ও পশ্চিম গোজরা ইউনিয়ন সবার জন্য উন্মুক্ত। সেখানে দলের যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’বৈদ্যুতিক পাখা বিতরণ সম্পর্কে সাংসদ বলেন, ‘এসবের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনী প্রচার শুরু হলে আমি আর এলাকায় যাব না।’এদিকে সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম অভিযোগ করে বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাংসদ আমাকে তাঁর বাসায় দেখা করতে বলেছিলেন। তাতে রাজি হইনি। এতে ক্ষুব্ধ হয়ে সাংসদের লোকজন আমার ব্যবসাপ্রতিষ্ঠান “জমজম মিষ্টিমহল”-এ মঙ্গলবার রাতে তালা ঝুলিয়ে দিয়েছে। জীবনের নিরাপত্তা না পেয়ে শহরে চলে এসেছি।’উড়কিরচর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী অভিযোগ করেন, ‘নিজে মনোনয়নপত্র জমা দিতে না পারায় একজন রিকশাওয়ালাকে দিয়ে তা জমা দিয়েছি। এরপর থেকে সন্ত্রাসীরা প্রতিদিন আমার বাড়িঘরে এসে হুমকি দিচ্ছে। আমি র্যাব-পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।’দিদারুল ও আনোয়ারের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফজলে করিম চৌধুরী বলেন, ‘দিদার একজন সংস্কারপন্থী। আর আনোয়ার চৌধুরী সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আমি কিছু করিনি। হুমকিও দিইনি। বরং এলাকার লোকজনই তাদের প্রতিরোধ করছে। নিজেদের অপকর্মের জন্য তারা এলাকায় যেতে পারছে না।’প্রার্থীর প্রতি সাংসদের সমর্থন ঘোষণার বিষয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, নির্বাচনী আচরণবিধিতে এ ব্যাপারে কিছু উল্লেখ নেই। তবে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাংসদদের এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।