রাওলিংয়ের বড়দের উপন্যাসের নাম প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যারি পটার’ সিরিজের স্রষ্টা জে কে রাওলিংয়ের বড়দের জন্য লেখা উপন্যাস ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি’ চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ইন্টারনেটে ই-বুক ও ছাপা হরফে বই আকারে পাঠকের হাতে পৌঁছাবে। পটার সিরিজের শেষ খণ্ড লেখার পাঁচ বছর পর গত ফেব্রুয়ারিতে বড়দের জন্য একটি উপন্যাস লেখার ঘোষণা দেন রাওলিং। উপন্যাসটির প্রেক্ষাপট, কাহিনি বিন্যাস পটার সিরিজের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন আঙ্গিকের বলেও ঘোষণা দেন তিনি। কিন্তু শুরুর দিকে তাঁর বইয়ের নাম-ধাম সম্পর্কে ভক্তদের কোনো তথ্যই তিনি দেননি। শেষ পর্যন্ত হাজারো প্রশ্নবাণের মুখে নতুন ওই উপন্যাসটির নাম ঘোষণা করেই ফেললেন রাওলিং।শুধু হ্যারি পটার সিরিজ লিখেই কোটিপতি হওয়া এই লেখিকা সম্প্রতি তাঁর নতুন উপন্যাসের নামসহ এর কাহিনি বিন্যাস সম্পর্কে ভক্তদের ধারণা দিয়েছেন। তিনি জানান, প্যাগফোর্ড নামের ছোট্ট একটি শহরের কাউন্সিলরের অপ্রত্যাশিত মৃত্যু এবং তাঁর খালি হওয়া আসনটি ঘিরে গল্প এগিয়ে গেছে। প্রকাশক ব্রাউন ব্রাদার্স বলেন, রাওলিং সব সময়ই তাঁর ভক্তদের কৌতুকপূর্ণ রোমাঞ্চকর উপন্যাস উপহার দিয়ে আসছেন। চলতি বছরের শেষদিকে প্রকাশিতব্য রাওলিংয়ের নতুন এ উপন্যাসটি প্রকাশনা শিল্পে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।