রাওয়ালপিন্ডির আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, ১২৭ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জন আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডি শহরের চাকলালা বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানায়, বেসরকারি বিমান সংস্থা ভোজা এয়ারের (ফ্লাইটবিএইচও-২১৩) যাত্রীবাহী বিমানটি করাচি থেকে ইসলামাবাদে যাচ্ছিল। পথে ইসলামাবাদ বিমানবন্দরের অদূরে রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায় পৌঁছালে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বারিয়া শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।বিমানটি স্থায়ী সময় ছয়টা ৫০ মিনিটে ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। ছয়টা ৪০ মিনিটের পর বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।স্থানীয় পুলিশ কর্মকর্তা ফজলে আকবর বলেন, ‘বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিমানের কোনো যাত্রী বেঁচে থাকাটা একেবারে অলৌকিক ঘটনা হবে।’পুলিশের উদ্ধারকারী দলের সদস্য সাইফুর রেহমান জানান, ইসলামাবাদের প্রধান মহাসড়ক থেকে দুই মাইল দূরে হুসেইন আবাদ গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। এর ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়। বিমানটি পুরোপুরিই ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা অগ্নিনির্বাপণকারী দলসহ উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। আরও উদ্ধারকর্মী আসছেন।’পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখতার জানান, বিমানবন্দরের কয়েক মাইল দূরে থাকতে বিমানটিতে আগুন ধরে যায়।পাকিস্তানে এর আগে ২০১০ সালের জুলাইয়ে বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লুর একটি এয়ারবাস ৩২১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। এতে ১৫২ জন নিহত হয়। বিবিসি, ডন।