রাকিবুল ও সোহেলকে চিকিৎসা-সহায়তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক রাকিবুল আলম ও শ্রমিক মো. সোহেলের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।গতকাল সোমবার কাভার্ড ভ্যান থেকে পণ্য নামানোর সময় দুর্বৃত্তরা ভ্যানে আগুন ধরিয়ে দিলে সোহেল দগ্ধ হন। তাঁর সহকর্মীরা বলছেন, হরতাল-সমর্থকেরাই এ ঘটনা ঘটিয়েছে।অন্যদিকে, শনিবার রাতে এক বন্ধুকে নামিয়ে রাকিবুল তাঁর অপর দুই বন্ধু ওমর ফারুক ও মোহাম্মদ রায়হানের সঙ্গে আগারগাঁও থেকে রামপুরার দিকে যাচ্ছিলেন। সাড়ে আটটার দিকে হঠাৎ কেউ তাঁদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। কিছু টের পাওয়ার আগেই গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। চিকিৎসক রায়হান কিছুক্ষণ পরই সিটবেল্ট খুলে বেরিয়ে আসতে পারলেও আটকা পড়েন অপর দুই চিকিৎসক।বর্তমানে রাকিবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন। আগুনে তাঁর শ্বাসনালি, মুখমণ্ডল, বুক ও হাত দুটি পুড়ে গেছে।অগ্নিদ্বগ্ধ শ্রমিক সোহেল সম্পর্কে বার্ন ইউনিটেরে চিকিত্সক সাজ্জাদ খন্দকার বলেন, আগুনে সোহেলের শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে। এটিকে চিকিৎসার ভাষায় ‘ক্রিটিক্যাল বার্ন’ বলা হয়। স্যালাইন দিয়ে তাঁর প্রাথমিক চিকিত্সা চলছে। এক দিন পর পর ড্রেসিং করা হবে। সাত দিন পর অবস্থা দেখে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হবে। বার্ন ইউনিটের প্রধান ও বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন বলেন, সোহেল বেঁচে থাকলেও আজীবন তাঁকে এই ক্ষত নিয়েই চলতে হবে।