পটুয়াখালী, কক্সবাজার, বরগুনা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের প্রায় ১৭ হাজার লোক রাখাইন ভাষায় কথা বলে। রাখাইন ভাষা অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। এটি মূলত মারমার একটি উপভাষা। রাখাইনদের নিজস্ব বর্ণমালা আছে। রাখাইন ভাষার বর্ণমালার উৎস উত্তর ব্রাহ্মী লিপি। খ্রিষ্টীয় অষ্টম শতকে আরাকানে ব্রাহ্মী ও দেবনাগরী লিপির বিবর্তনে যে নতুন লিপি গড়ে ওঠে, তাই আজ রাখাইন বর্ণমালা হিসেবে পরিচিত। রাখাইন বর্ণমালায় স্বরবর্ণ বা ‘ছারা’ ১২টি এবং ব্যঞ্জনবর্ণ বা ‘ব্যেঃ’ ৩৩টি।১৯৯১ সালের আদমশুমারি থেকে পাওয়া তথ্য অনুসারে, বাংলাদেশে রাখাইনদের সংখ্যা ১৬ হাজার ৯৩২। মারমা, রাখাইন ও ম্যা-কে একই ভাষিক গোত্রের বিভিন্ন উপ-ভাষাভাষী নৃগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মনিরুজ্জামান (১৯৯৪) রাখাইনদের দুটি প্রধান উপভাষা বা ভাষিক বৈচিত্র্যের কথা জানিয়েছেন। এগুলোর একটি হচ্ছে ‘র্যামর্য’ এবং অন্যটি ‘মারৌও’। মুস্তাফা মজিদ রাখাইন ভাষার ভিন্নতা বোঝাতে গিয়ে লিখেছেন, ‘এই ভাষা ইন্দো-আর্য বা দ্রাবিড়ীয় ভাষা থেকে সম্পূর্ণ ভিন্ন। ফলে, বাংলা, সংস্কৃত, হিন্দি ও দক্ষিণ ভারতের ভাষার সঙ্গে এই ভাষার খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না।’ রাখাইন বা মারমা ভাষায় লুসাই প্রভৃতি ভাষার মতো শব্দের শেষ ধ্বনিতে প্রায়শ আন্তঃস্বরযন্ত্রীয় রুদ্ধ-হ ধ্বনির প্রকাশ ঘটে এবং একইভাবে দ্বৈতস্বর যুক্ত হলে তা দ্বি-ওষ্ঠ্য নাসিক্য ব্যঞ্জনে রূপ পায়। এই ধ্বনি দুটিকে অনেক ভাষাতাত্ত্বিক ব্যঞ্জনধর্মিতা বলেছেন। বাংলা ভাষার শেষ স্বরধ্বনির মতো তা উচ্চারিত হয় না, বা উচ্চারণ মুক্তি পায় না।রাখাইন ভাষায় দীর্ঘদিন ধরে সাহিত্য রচিত হচ্ছে। রাখাইন ভাষার কবি খিং রিয়ানের একটি কবিতা আমি অনুবাদ করেছি। ‘ভিউ’ বা ‘মতামত’ নামের এই কবিতার কয়েকটি লাইন বাংলায় এ রকম: ‘এখানকার ও সেখানতার রাখাইন/ সারা বিশ্বের সকল রাখাইন/ তাদের ভাষার ফারাক থাকলেও/ আমরা সব এক পিতার সন্তান।/ আমরা আমাদের সুখ-দুঃখ ভাগ করে নেই/ রাখাইন শব্দটি লেখা আছে অনন্য এক বইয়ে/ আমাদের জাতিকে রক্ষা করি অনুভব, চেতনা ও আত্মায়।’