মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর দাবি
রাখাইন রাজ্যে পরিস্থিতি ‘স্বাভাবিক’ হয়ে আসছে (ভিডিও)
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন দাবি করেছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে গত কয়েক দিন ধরে চলমান সহিংসতাপূর্ণ পরিস্থিতি ‘স্বাভাবিক’ হয়ে আসছে। আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের সিতউই শহরের অবস্থা এখন কেমন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিতউই স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে।’ রয়টার্সের এক ভিডিওচিত্রে উন্না মং লুইনকে বলতে দেখা যায়, ‘আমরা সব কিছুর তদারকি করছি। রাজ্যের স্থিতিশীলতাকে সবার ওপর স্থান দিচ্ছি।’গণমাধ্যমের খবরে বলা হয়, ৮ জুন থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে শুরু হওয়া এ সহিংসতা এখনো চলছে। সরকারি হিসাব সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও, মানবাধিকার কর্মীরা বলছেন, প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, উভয় পক্ষের বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। খাবার ও আশ্রয়ের খোঁজে তারা বাংলাদেশ ও রাখাইন রাজ্যের রাজধানী সিতউইয়ে ভিড় করছে।