রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ঠাঁই নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারের অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে রাজি আছে সে দেশের সরকার। উত্তর রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হবে। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের অনুরোধে আগামী ১৫ জুলাই থেকে অনুষ্ঠেয় তাঁর পূর্বনির্ধারিত বাংলাদেশ সফরটি পিছিয়ে গেছে। আগামী রমজানের পর এ সফরের আয়োজন করতে গত শনিবার বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে মিয়ানমার। গতকাল সকালে দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকের পর মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী (মিয়ানমারে পররাষ্ট্রসচিবের পদবি) উ মং মিন্ট পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে সচিবদের বৈঠকের অগ্রগতি জানানো হয়। পাশাপাশি মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যের ধর্মীয় সংঘাতের ফলে সৃষ্ট অবস্থা যাতে দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করতে না পারে, এ জন্য বাংলাদেশের নেওয়া ভূমিকার প্রশংসা করেন তিনি। বিশেষ করে সংঘাত চলাকালে অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত উন্মুক্ত না করায় মং মিন্ট বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। শরণার্থী ও অনুপ্রবেশকারী প্রসঙ্গে গুরুত্ব: মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অনিষ্পন্ন বিষয়ের মধ্যে অন্যতম কক্সবাজারের দুই শিবিরে থাকা প্রায় ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসন। সঙ্গে আছে কক্সবাজারে বসবাসকারী মিয়ানমারের কয়েক লাখ অনুপ্রবেশকারীকে ফিরিয়ে নেওয়ার বিষয়। গতকালের বৈঠকেও বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। এর পাশাপাশি বাংলাদেশের জেলে আটকে থাকা শতাধিক মিয়ানমারের নাগরিককে ফিরিয়ে নেওয়ার বিষয়টিও তুলেছে বাংলাদেশ। মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্টকে উদ্ধৃত করে মিজারুল কায়েস বলেন, মিয়ানমারের কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশে মিয়ানমারের অনুপ্রবেশকারী ও জেলে আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে মিয়ানমারের প্রস্তুতিও আছে। শরণার্থীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে স্বেচ্ছা প্রত্যাবাসনের নীতিটি স্বীকৃত। সে অনুযায়ী রোহিঙ্গা শরণার্থীদের ১০টি পরিবার নিজেদের দেশে ফিরে যেতে রাজি হয়েছে। ২০০৯ সালে মিয়ানমার যে ২৪১৫ জনকে তাদের নাগরিক বলে স্বীকার করেছে এঁরা হলেন তাঁদের অন্যতম। তবে বৈঠকে মং মিন্ট জানিয়েছেন, উত্তর রাখাইনের সাম্প্রতিক সহিংসতার পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই শরণার্থীদের স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত নেওয়া শুরু হবে। মিজারুল কায়েস সাংবাদিকদের জানান, কক্সবাজারের কুতুপালং ও নোয়াপাড়ার দুটি শিবিরে প্রায় ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এদের মধ্যে নয় হাজার ৯০৫ জনকে ২০০৫ সালে মিয়ানমার তার দেশের নাগরিক হিসেবে ছাড়পত্র দিয়েছে। এরপর ২০০৯ সালে নিশ্চিত করা হয় দুই হাজার ৪১৫ জনের নাগরিকত্ব। অবশিষ্ট ১৪ হাজার ৯৯২ জন রোহিঙ্গা শরণার্থীর পরিচয়ের বিষয়টি মিয়ানমার এখনো নিশ্চিত করেনি। পররাষ্ট্রসচিব জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে ১২৮ কিলোমিটার সড়ক নির্মাণ সমন্বিতভাবে শুরুর বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল মিয়ানমার যাবে। গতকালের বৈঠকে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী উ মং মিন্ট।প্রেসিডেন্টের সফর পেছানোর কারণ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত শনিবার মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রেসিডেন্ট থেইন সেইনের সফর পেছানোর খবরটি পৌঁছায়। এদিন মিয়ানমারের প্রেসিডেন্টের পক্ষে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর রাখাইন রাজ্যে জরুরি অবস্থা চলছে। সেখানকার পরিস্থিতির বিষয়ে প্রেসিডেন্ট নিজেই সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তাই তাঁর সফরটি আগামী রমজানের পর করতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট।