রাখাইন রাজ্যের সংঘাত তদন্তে কমিশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মুসলমান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে সরকার একটি কমিশন গঠন করেছে। দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন এ ঘোষণা দিয়েছেন বলে আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক ওই সহিংসতার ঘটনায় অনেক লোক নিহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছে অনেকে। ওই ঘটনায় জাতিসংঘ স্বাধীন তদন্তের দাবি জানালেও মিয়ানমার তা প্রত্যাখ্যান করে আসছিল।সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা তদন্তে মিয়ানমারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, দেশটিতে পুনরায় শান্তি প্রতিষ্ঠায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেন, মিয়ানমার সরকারের এই উদ্যোগ সহিংসতার সার্বিক কারণ অনুসন্ধানে সহায়ক হবে; একই সঙ্গে তা রাখাইন রাজ্যে মুসলমানদের অবস্থা সম্পর্কেও জানাবে।গতকাল শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ মোট ২৭ জন সদস্য থাকবে এই তদন্ত কমিশনে। কমিশনকে আগামী মাসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গত মে মাসে এক বৌদ্ধ নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে ১০ জন মুসলমানকে হত্যা করা হয়। এরপর গোটা রাজ্যে এই সহিংসতা ছড়িয়ে পড়ে।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, এই সহিংসতায় রাজ্যের প্রায় ৮০ হাজার লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।