রাখাইনে নতুন গৃহহীন ২২ হাজার
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া জাতিগত সহিংসতায় ২২ হাজারের বেশি লোক গৃহহীন হয়েছে। তাদের বেশির ভাগই মুসলিম। আজ রোববার জাতিসংঘ এ তথ্য জানায়। এদিকে এ সহিংসতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। বিবিসি ও ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মিয়ানমারে জাতিসংঘের প্রধান অশোক নিগাম বলেন, চলতি সপ্তাহে এ সহিংসতায় আজ ভোর পর্যন্ত সরকারি হিসাবে ২২ হাজার ৫৮৭ জন লোক গৃহহীন হয়েছে এবং চার হাজার ৬৬৫টি বাড়ি পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।গৃহহীন ব্যক্তিদের মধ্যে ২১ হাজার ৭০০ জনই মুসলিম উল্লেখ করে অশোক নিগাম বলেন, ‘এটি আমাদের প্রাথমিক তথ্য। আমাদের আশঙ্কা, এ সংখ্যা বাড়তে পারে।’গৃহহীন ব্যক্তিদের মধ্যে হাজার হাজার মানুষ রাখাইন রাজ্যের রাজধানী সিতিউইয়ের দিকে যাচ্ছে উল্লেখ করে অশোক নিগাম বলেন, এখনো ২২ হাজার লোক তাদের বাড়িঘরে রয়েছে। তবে এই হিসাবের বাইরে রয়েছে পানিতে ভাসতে থাকা মানুষজন।সরকারের স্বীকারোক্তিপ্রেসিডেন্ট থেইন সেইনের মুখপাত্র জ হতে বিবিসিকে বলেন, রাখাইন রাজ্যের সব গ্রাম ও শহরের কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে।নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ২৫ অক্টোবর এ ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট ছবি প্রকাশ করে। এর পরপরই প্রেসিডেন্টের মুখপাত্র এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার রাখাইন রাজ্যের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করছে। ‘সেসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনে আরও পুলিশ ও সেনাসদস্য পাঠাব।’মানবাধিকার সংগঠনের প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, রাখাইন রাজ্যের উপকূলবর্তী শহর কায়াউকপুতে প্রায় ৩৫ একর জায়গা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ধ্বংস হয়েছে ৮০০টিরও বেশি ঘরবাড়ি। ধ্বংস হয়ে যাওয়া এই ৩৫ একর জায়গার বাসিন্দাদের বেশির ভাগই মুসলিম রোহিঙ্গা বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এই এলাকা থেকে অনেকেই নৌকায় করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।নিহত ৮২সরকারি হিসাবে বলা হয়, সাম্প্রতিক এ সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৮২-তে পৌঁছেছে। ১২৯ জন আহত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তিন হাজার ঘরবাড়ি।গত রোববার রাজ্যের চারটি স্থানে রোহিঙ্গা মুসলিম ও রাখাইন বৌদ্ধদের মধ্যে এই সহিংসতা শুরু হয়। এর পরপরই শত শত মানুষ প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।গত মে মাসে একজন বৌদ্ধ নারীকে কয়েকজন মুসলমান ধর্ষণ করেছে বলে গুজব রটলে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় এই জাতিগত দাঙ্গায় নিহত হয়েছিল ৯০ জন। সহিংসতা থামাতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল রাখাইন রাজ্যে। তবে সাম্প্রতিক সময়ে নতুন করে শুরু হওয়া এই দাঙ্গার প্রকৃত কারণ কী, তা জানা না গেলেও রোহিঙ্গা ও রাখাইন বৌদ্ধরা একে অপরকে দায়ী করছে।