রাখাইনে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। গত রোববার রাজ্যের চারটি স্থানে রোহিঙ্গা মুসলিম ও রাখাইন বৌদ্ধদের মধ্যে এ সহিংসতা শুরু হয়। এর পরপরই শত শত মানুষ বাড়িঘর ছেড়ে জরুরি আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছে।রাখাইন রাজ্যের সরকারি মুখপাত্র উইন মিয়ায় বিবিসিকে গতকাল জানান, এ সহিংসতায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে।রাজ্যের মিন বায়া ও ম্রাউক শহরে কারফিউ জারি থাকা সত্ত্বেও গতকাল রাতভর সেখানে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর দুটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে রাথা তোয়াং শহরতলিতে ব্যাপক সংঘর্ষ হয়। কিন্তু এর পরই তা কায়য়োক শহরতলিতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গুলি ছুড়েছে। গত মে মাসে একজন বৌদ্ধ নারীকে কয়েকজন মুসলমান ধর্ষণ করেছে বলে গুজব রটে। এই খবরের পরিপ্রেক্ষিতে তখন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। নিহত হয়েছিল ৯০ জন। এর পরপরই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়।কর্তৃপক্ষের পদক্ষেপের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেখানে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। তবে সাম্প্রতিক এ সহিংসতার কারণ কী, তা জানা না গেলেও রোহিঙ্গা ও বৌদ্ধরা একে অপরকে দায়ী করছে।মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান ও সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। রোহিঙ্গা মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে দেশটির সরকার।