রাগ, ক্ষোভ, অভিমান অতঃপর কেরোসিনের আগুনে আত্মাহুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আবারও এক গৃহবধূ আত্মাহুতি দিয়েছেন। এ নিয়ে তিন মাসে চারজন গৃহবধূ আত্মহত্যা করলেন। তাঁদের মধ্যে দুজন শুধু নিজেই নন, তাঁদের দুটি করে বাচ্চাকেও মেরে ফেলেছেন।স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য স্বামীর চাপ আর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে রাগে, ক্ষোভে, অভিমানে সালমা (২১) আত্মাহুতি দিয়েছেন। মারা যাওয়া সালমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত শুক্রবার রাতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন সালমা। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সালমা একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী রাকিব হোসেন রানা রাজমিস্ত্রি। গত মার্চে তাঁদের বিয়ে হয়। মিরপুরের পল্লবীর কালাপানির ১/২ নম্বর বাসায় থাকতেন তাঁরা। সালমার স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই রাকিব টাকার জন্য সালমাকে নানাভাবে চাপ দিচ্ছিলেন। এ জন্য সালমাকে ক্রমাগত মারধর, গালাগাল সহ্য করতে হয়েছে। একপর্যায়ে গত শুক্রবার রাতে সালমাকে বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে বলেন রাকিব। তা না হলে তিনি সালমার গর্ভের সন্তানের পিতৃত্বের দায়িত্ব স্বীকার করবেন না বলেও হুমকি দেন। এতে রাগে, ক্ষোভে, অভিমানে শুক্রবার রাত ১২টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সালমা। আগুনে তাঁর শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিটের চিকিত্সকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত শনিবার রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সালমার বাবা আবদুল জলিল বাদী হয়ে রাকিব হোসেনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে পুলিশ গতকাল ভোরে রাকিব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে।সালমার ভাবি ফারজানা আক্তার মিতা জানান, গত মার্চে পারিবারিকভাবেই তাঁদের বিয়ে হয়। কথা ছিল, রাকিব কোনো যৌতুক নেবেন না। কিন্তু বিয়ের কয়েক দিন যেতে না যেতেই তিনি যৌতুকের জন্য চাপ দেওয়া শুরু করেন। এই পাঁচ মাসে দুই দফায় তাঁকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সালমার মামা কফিলউদ্দীন জানান, বিয়ের পর থেকেই সালমার স্বামীর দাবি যথাসাধ্য পূরণ করেছেন তাঁর স্বজনেরা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তাঁর (রাকিবের) চাহিদামতো টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত মেয়েটার এই দশা হলো।তিন মাসে চারজনের আত্মহত্যা: পারিবারিক নির্যাতন, উপেক্ষা, স্বামীর দ্বিতীয় বিয়ে ইত্যাদি কারণে তিন মাসে রাজধানীতে চারজন গৃহবধূ বাচ্চাসহ আত্মহত্যা করেছেন। এঁদের সর্বশেষ হলেন সালমা। গত জুনে জুরাইনে বিষপানে মা ফারজানা রীতার দুই সন্তানসহ আত্মহত্যা, কমলাপুরে কেরোসিন ঢেলে মা বিলাসীর দুই সন্তানসহ পুড়ে মরা এবং সর্বশেষ বাচ্চাসহ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মারা যান মা মাকসুদা। ভাগ্যক্রমে বেঁচে যায় তাঁর দেড় বছর বয়সী কন্যা তানজিনা।