রাগসংগীত সম্মেলন শুরু
ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে নানা বয়সী মানুষের সমাগম। পোশাক, বয়স কিংবা পেশায় সমাগতদের মাঝে অমিল থাকলেও একটা বিষয়ে সবার মাঝে দারুণ মিল—সবাই রাগসংগীতের অনুরাগী।রাগসংগীতের প্রসার ও পরিবেশনার উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হলো তিন দিনের রাগসংগীত সম্মেলন। আয়োজন করেছে বাংলাদেশ উচ্চাঙ্গসংগীত শিল্পী পরিষদ। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন ওস্তাদ ইয়াসিন খান। উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতা ছাড়াও গতকাল বাদ্যযন্ত্র্র ও কণ্ঠের মায়াবী সুরে শিল্পীরা রাগসংগীত পরিবেশন করেন। দর্শকও মন ভরে উপভোগ করলেন তাঁদের পরিবেশনা।উদ্বোধনী দিনে কণ্ঠে রাগসংগীত পরিবেশন করেন অনিল কুমার সাহা, হাসান ইকরামুল্লাহ, মোহাম্মদ শোয়েব, অলোক সেন ও রেজোয়ান আলী। যন্ত্রসংগীতে বেহালাবাদন পরিবেশন করেন আলাউদ্দিন মিয়া, সরোদে ইউসুফ খান ও তবলা বাদন করেন জাকির হোসেন। আজ শুক্রবার বিরতি দিয়ে শনি ও রবিবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে।