রাঙা লিচুর ভাঙা শতক
লিচুর পাক্কা হিসাবে নগদ ফাঁকির বিষয়টি ধরা পড়েছে ঢাকায়। সেই যে নজরুল ইসলাম তাঁর ‘লিচু চোর’ কবিতায় লিখেছিলেন ‘পড়েছি মালীর ঘাড়েই’, ব্যাপারটা তেমনই। ভ্রাম্যমাণ আদালত গুনে দেখেন, এক শর নিশ্চয়তা দেওয়া গুচ্ছে আছে ৮৮টি লিচু। ‘বিশ্বাসে মিলায় বস্তু’—এমন আপ্তবাক্যে আস্থা না রেখে অন্তত ঢাকার বাজারে লিচু কিনতে গুনে-গেঁথে নেওয়াই ভালো। সঙ্গে সময়টাও গুরুত্বপূর্ণ। দেখতে দেখতে শেষ হয়ে যায় লিচু, বৈশাখের শেষ থেকে জ্যৈষ্ঠের শেষ নাগাদ। জীবনানন্দ দাশ লিখেছিলেন ‘সিঁদুরের মতো রাঙা লিচু/ ঝ’রে পড়ে পাতা ঘাসে—চেয়ে দেখি কিশোরী করেছে মাথা নিচু/ এসেছে সে দুপুরের অবসরে জামরুল লিচু আহরণে,—’। তাঁর যুগে হয়তো তা-ই ছিল। গাছের তলায় কুড়িয়ে পাওয়া যেত পাকা লিচু। কিন্তু এখন লিচু মহামূল্যবান না হলেও দুর্মূল্য তো বটেই। ২০০ টাকা শ, প্রতিটি দুই টাকা; মাটিতে পড়ে থাকার সুযোগ কই। উপরন্তু এক শ লিচুতে অন্তত দশটি কম দিতে পারলেই বাড়তি কুড়ি টাকা নগদ লাভ! একসময় নীতি-নৈতিকতার উচ্চমূল্য ছিল, তার জন্য মানুষ জানপ্রাণও দিত। জমানা বদলেছে, এখন অর্থই মুখ্য, লাভই লক্ষ্য। তাই সবাই ছুটছে লাভের পিছু। ওজনে-গুনতিতে কম তো দেওয়া হচ্ছেই, খাদ্যে বিষ মিশিয়ে দিতেও এতটুকু দ্বিধা নেই কারও। তবে লিচু বদলায়নি, এটি তার মতোই আছে—সিঁদুরের মতো টুকটুকে লাল। সেই লিচুতে এখন ফলের বাজার সুশোভিত।লিচুর জন্ম চীনে হলেও তা এখন রীতিমতো আন্তর্জাতিক সদস্য। এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ব্রাজিলেও লিচুর চাষাবাদ হয়। ভারতের মুজাফ্ফরপুরের লিচু উপমহাদেশে বিখ্যাত। আমাদের দেশে খ্যাতির শীর্ষে দিনাজপুরের বেদানা লিচু। তবে সেই লিচু বাজারে আসবে আরও পরে—জ্যৈষ্ঠের শেষ নাগাদ। রাজশাহীর লিচুরও খ্যাতি যথেষ্ট। অধুনা লিচু চাষের বিস্তৃতি ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। যশোর, নড়াইল, কোটচাঁদপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও পার্বত্য অঞ্চলে বড় বড় লিচুবাগান গড়ে উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেল, এ দেশে বেদানা, বোম্বাই, চায়না-১, মোজাফ্ফরপুরি, মঙ্গলবাড়ি ও কদমি জাতের লিচুর চাষ হয় বেশি। এ ছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি লিচু-১, ২ ও ৩ নামে তিনটি জাতের উদ্ভাবন করেছে। এর মধ্যে বারি-৩ দেশের সব অঞ্চলের আবহাওয়া উপযোগী। এই লিচুর বীজ ছোট ও ফল খুব মিষ্টি হওয়ায় দ্রুত এর জনপ্রিয়তা বাড়ছে। সুস্বাদু এই ফলে পুষ্টিমানও প্রচুর। প্রতি ১০০ গ্রামে খাদ্যশক্তি ৬১ কিলোক্যালরি। আমিষ, শর্করা, খনিজ লবণ ছাড়াও আছে ভিটামিন এ, বি, সি। লিচুর বৈজ্ঞানিক নাম Litchi chinensis.এ বছর দেশে লিচুর ফলন বেশ ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেল, সারা দেশে এখন প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে লিচুর চাষাবাদ হচ্ছে। প্রতি হেক্টরে এর ফলন আড়াই থেকে পৌনে তিন মেট্রিক টন। বার্ষিক গড় উৎপাদন ১৩ হাজার থেকে ১৫ হাজার মেট্রিক টন।বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় দুই সপ্তাহ আগে থেকেই বাজারে লিচু উঠতে শুরু করেছে। ঢাকায় প্রথমে আসে সোনারগাঁর লিচু। এগুলো তুলনামূলক ছোট। এরপর আসে ঈশ্বরদী, সাতক্ষীরা ও যশোর অঞ্চলের লিচু। রাজশাহী ও দিনাজপুরের লিচু সাধারণত আসে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে। ঈশ্বরদী ও যশোরের লিচু ছোট আকারের। এগুলো বিক্রি হচ্ছে দেড় শ থেকে ১৮০ টাকা। দিনাজপুরের লিচু সবে আসতে শুরু করেছে। এর দাম বেশ চড়া—প্রতি শ ২২০ থেকে ২৪০ টাকা পর্যন্ত। রাঙা লিচু এখন অগ্নিমূল্য। ফলে তার স্বাদ আস্বাদনের সামর্থ্য হয়তো অনেকেরই হবে না।