রাঙা হালতির হালহকিকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘলা দিনে বা বৃষ্টি থেমে যাওয়ার পর এই পাখিরা ডাকে পাড়া কাঁপিয়ে। রাতে কম, বিকেল-গোধূলিতে এদের হাঁকডাক বেশি। গ্রামীণ বনের কোনো গাছের নিচু ডালে, হেলে পড়া বাঁশে বা কঞ্চিতে বসে থাকে এরা। এদের ডাকের শব্দ ৫০০ গজ দূর থেকেও স্পষ্ট শোনা যায়।ডাক শুনেই বোঝা যায় যে পাখিটি বাসা তৈরি করেছে, ডিম পাড়বে। সেই ডিমে তা দিয়ে ফোটাবে তুলতুলে চারটি ছানা। তবে ডাক শুনে পাখিটিকে যে কেউ দেখতে চাইলেই দেখতে পাবে না। কাছাকাছি যাওয়ার আগেই চুপ। বসে থাকবে সাড়াশব্দ না করে। আত্মগোপনে অদ্বিতীয় এরা। তুখোড় দৌড়বিদ। অতিশয় ধুরন্ধর আর বুদ্ধিমান। না হলে কি আর মাটির ওপর বা নিচু ঝোপঝাড়ে বাসা করে ডিম পেড়ে ছানা ফোটাতে পারত যুগ যুগ ধরে?সুন্দর এই পাখির সঙ্গে পরিচয় আমার শৈশবে। কুঁড়েঘরে বসে ডাক শুনতাম। মা বলতেন ‘বড় হালতি’, দাদি বলতেন ‘রাঙা হালতি’। বাবা একদিন ধাওয়া করে ধরে দেন পাখিটির দুটি কুচকুচে কালো ছানা। তারও আগে থেকেই এরা আমার পরিচিত। বাগানে যেতাম আম আর বাদুড়ে খাওয়া পাকা সুপারি কুড়াতে। যেতাম গরু বাঁধতে, দেখতাম ওদের। তখন বিশেষ কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না ওদের প্রতি। সারা গ্রামেই ছিল প্রচুর। মুরগির মতো ছানা নিয়ে চরে বেড়াত ঝোপঝাড়ে। মানুষ দেখলেই লাপাত্তা হয়ে যেত নিমেষে।আমাদের গ্রামের এই অতি পরিচিত ও অবহেলিত পাখিটি যে অতিদুর্লভ ও মহামূল্যবান, সেটা বুঝেছি বহু পরে। এটা বোঝার পর ১৯৭৭ সাল থেকে এখন পর্যন্ত হালতি পাখির পেছনে লেগে আছি। সাধ্যমতো ছবি তুলেছি, বছর বছর সংগ্রহ করেছি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত। প্রাণিবিজ্ঞানী রেজা খান ২০০৫ সালে আমাদের গ্রাম বাগেরহাটের ফকিরহাটে গিয়ে রাঙা হালতি ও হালতির বাসা, ডিম, ছানা দেখে এসেছিলেন। ছবি তুলেছিলেন। ওটাই তাঁর প্রথম হালতির বাসা, ডিম ও ছানা দেখা।এ বছরও ফকিরহাটে নির্দিষ্ট স্থানগুলোতে বাসা করেছিল রাঙা হালতিরা। শুধু আমার সাতশৈয়া গ্রামেই এবার বাসা পাওয়া গেছে আটটি। আটটি বাসার মোট ২৭টি ছানা বড় হয়ে দিব্বি মিশে গেছে প্রকৃতিতে। গ্রামের ওয়াইল্ড লাইফ ক্লাবের শিপলু খান, শামীম খান, খুরশিদ খোন্দকারসহ মোট ৫৬ জন কর্মী রাঙা হালতির যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন এ বছরও। ফকিরহাটে আমিও গিয়েছি চারবার। রাঙা হালতি নিয়ে একটি ভিডিও প্রামাণ্য ছবি তৈরি প্রায় শেষ পর্যায়ে। দুই রকম হালতি নিয়ে হালতি নামা নামে একটি বইও লিখেছি, সেটি এ বছরই প্রকাশিত হবে।রাঙা হালতির বাসা, ডিম ও ছানার সন্ধান ফকিরহাট, বাগেরহাট ছাড়া দেশের অন্য কোথাও মেলেনি। এ বছর ফকিরহাটের এক গ্রামীণ বনে অনাড়ম্বরভাবে পালিত হয়েছে ‘হালতি উৎসব ২০১০’।অতি সুন্দর ও দুর্লভ রাঙা হালতির ইংরেজি নাম Slaty-legged crake। বৈজ্ঞানিক নাম Rallina curizonoides। শরীরের মাপ ২১ থেকে ২৬ সেন্টিমিটার। এ বছরও সুকৌশলে একটি মা পাখি ও তার ছানাদের ধরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। হালতিরা আছে ভালোই।