রাঙামাটি-খাগড়াছড়িতে রোববার সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড়ে আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আগামী রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। রামগড় ও মানিকছড়িতে এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আবদুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বাঙালিকে কুপিয়ে হত্যা ও অর্ধশতাধিক নিরীহ মানুষকে গুরুতর আহত করাসহ বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদ এবং ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও হত্যাকারীদের শাস্তির দাবিতে আগামী রোববার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া প্রথম আলোকে জানান, ঘটনার অধিকতর তদন্তের সুবিধার জন্য তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। এর ফলে কার্যত তদন্ত কমিটি রোববার পর্যন্ত কাজ করতে পারবে। রামগড় ও মানিকছড়ির পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও নিরাপত্তার জন্য সেখানে এখনো ১৪৪ ধারা বলবৎ আছে।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও মারমা উন্নয়ন সংসদ গতকাল আলাদাভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছে। জেলা পরিষদের ত্রাণ দলে নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।প্রায় একই সময়ে আলাদাভাবে ত্রাণ বিতরণ করে মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটি। মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাশরী মারমা দাবি করেন, সেই দিনের ঘটনায় বড় পিলাক এলাকার চারটি গ্রামের একটি বৌদ্ধমন্দিরসহ মোট ১০৭টি ঘর পুড়ে গেছে। আর মানিকছড়ি উপজেলায় পুড়ে যায় ১১টি ঘর।ত্রাণ বিতরণের সংবাদ শুনে আদিবাসীরা জঙ্গল থেকে বেরিয়ে আসে। এত দিন তারা অর্ধাহারে-অনাহারে বনে-জঙ্গলে, গাছের নিচে আশ্রয় নিয়েছিল। গ্রামে ফিরে পোড়া ভিটে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।বড় পিলাক এলাকার শণখোলাপাড়ার বাসিন্দা পাইনিহ্লা মারমা (৪৫) কিছু পোড়া হাড়ের টুকরো জড়ো করে আহাজারি করতে করতে বলেন, আগুনে বাড়িটির সঙ্গে তাঁর বৃদ্ধ বাবা রিপ্রুচাই মারমা (৮৫) ও ছোট ভাই থুইতাই মারমার দেড় মাসের শিশুসন্তান মারা গেছে।পাইনিহ্লা মারমার দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রথম আলোকে জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ কথিত হাড়গোড় সংগ্রহ করে আনে। ওগুলো আসলে কোনো প্লাস্টিকের চেয়ারের গলিত অংশ হতে পারে।ইউপিডিএফের নিন্দা: খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবিশংকর তালুকদারের নেতৃত্বে একটি দল গতকাল ত্রাণ বিতরণের জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে চাইলেও সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দিয়েছে বলে অভিযোগ করে এ ঘটনার নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গতকাল সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, ত্রাণ দলটিকে খাগড়াছড়ি থেকে রওনা হওয়ার পর প্রথমে জিরোমাইল ও পরে আলুটিলায় এবং সর্বশেষ মাটিরাঙ্গায় আটকানো হয়। ত্রাণ দলে ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক সুকৃতি জীবন চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার, ত্রিপুরা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুশীল ত্রিপুরা, লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জলৎকার চাকমা, খাগড়াছড়ি পৌর কাউন্সিলর মিলন দেওয়ানসহ শতাধিক কর্মী।গ্রেপ্তার ১: এদিকে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় গত সোমবার রাতে গুইমারা থানায় দুটি ও মানিকছড়ি থানায় একটি মামলা হলেও পুলিশ গতকাল পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে। গুইমারা থানার দুটি মামলায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জন এবং মানিকছড়ি থানার মামলায় সুনির্দিষ্ট ১৬ জনসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় গত মঙ্গলবার সন্ধ্যায় মানিকছড়ি গুচ্ছগ্রাম থেকে ফজলুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে। পুলিশ গতকাল তাঁকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল আমীন সারোয়ার প্রথম আলোকে জানান, ফজলুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।মানিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডের শিকার ১১ পরিবারকে গতকাল ৫০০ টাকা করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।বাঘাইছড়িতে যুবক নিখোঁজ: রামগড়ের সংঘর্ষের পর থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামের এক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাঁর নাম আশীষ চাকমা (১৮)। তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।আশীষ চাকমার মা রুনুপ্রভা চাকমা জানান, ঘটনার দিন প্রথম সেমিস্টার পরীক্ষা শেষে আশীষ চট্টগ্রাম থেকে বাড়িতে আসছিল। বেলা সাড়ে তিনটার দিকে আশীষ তার বাবা দেবপ্রিয় চাকমাকে মুঠোফোনে জানায়, সে জালিয়াপাড়া এলাকায় গন্ডগোলের মধ্যে পড়েছে। এরপর আশীষ আর কোনো কথা বলতে পারেনি। তখন মুঠোফোনে চিৎকার-চেঁচামেচির শব্দ পাওয়া যায়। এর পর থেকে আশীষের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।আশীষের বাবা দেবপ্রিয় চাকমা মুঠোফোনে জানান, আজ বৃহস্পতিবার তদন্ত কমিটিকে আশীষের নিখোঁজ হওয়ার বিষয়টি জানাবেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি এবং খাগড়াছড়ি, মানিকছড়ি ও বাঘাইছড়ি প্রতিনিধি]