রাঙামাটি শহরে ‘গ্রেনেড’ হামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ১৩ জন কর্মী ও বাসচালকের এক সহকারী আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল পৌনে চারটার দিকে শহরের কল্যাণপুর মুখ এলাকার একটি পেট্রলপাম্পে ‘গ্রেনেড’ ছুড়ে অটোরিকশায় করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।ঘটনার পরপরই জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের উত্তেজিত কর্মীরা কল্যাণপুর মুখে চট্টগ্রাম-রাঙামাটি সড়কসহ শহরের মূল সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে সন্ধ্যা সাতটায় অবরোধ তুলে নেওয়া হয়।রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসান বলেন, ‘ঘটনাস্থল ও আহতদের জখম দেখে মনে হচ্ছে, বেশ শক্তিশালী কিছু দিয়ে হামলা হয়েছে। ঘটনাস্থল ও বিস্ফোরণের ধরন দেখতে চট্টগ্রাম থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) লোকজন না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।’আহত ও প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানান, গতকাল সকালে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৭তম কাউন্সিলের অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান শেষ করে কাপ্তাই যেতে কল্যাণপুর মুখ এলাকার একটি পেট্রলপাম্পের পশ্চিম দিকে বাস দাঁড় করিয়ে অপেক্ষা করছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের কয়েকজন কর্মী। বিকেল পৌনে চারটার দিকে শহরের ভেতরের দিক থেকে একটি অটোরিকশায় করে কয়েকজন এসে তাঁদের দিকে একটি ‘গ্রেনেড’ নিক্ষেপ করে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পশ্চিম দিকে চট্টগ্রাম অভিমুখে দ্রুত চলে যায়।হামলায় আহত কাপ্তাই বরইছড়ি কলেজের ছাত্রী জনি চাকমা বলেন, ‘অটোরিকশা থেকে কী যেন নিক্ষেপ করছে...দেখার পরপরই বিকট শব্দ শুনে চোখে আঘাত পেয়ে অচেতন হয়ে যাই।’হামলার পরপর জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রনেল চাকমা, জীবন চাকমা, ভুবন চাকমা, কমলেশ চাকমা, কুশল চাকমা, চাইনু প্রু মারমা, আবু চিং মারমা ও বাসচালকের সহকারী বেলাল। অন্য আহত কাপ্তাই সুইডিশ টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র জীবন চাকমা, বাবুধন চাকমা, নিপন চাকমা ও কমলাশীষ চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের সবার বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।সেনাবাহিনীর একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাটিকে গ্রেনেড হামলা বলে সাংবাদিকদের জানিয়েছেন। আহতদের জখম দেখে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (এমও) ন্যুয়েন খীসাও ধারণা করছেন, এটি গ্রেনেড হামলা। বিকেল চারটা ২০ মিনিটে জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সংগঠনের কয়েকজন নেতাসহ ঘটনাস্থলে আসেন। পরে সেখান থেকে আহত ব্যক্তিদের দেখতে তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালে যান। সন্তু লারমা ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। ওই সময় কয়েক হাজার মানুষ হাসপাতাল চত্বরে জড়ো হয়। সামরিক-বেসামরিক কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে চিকিৎসার তদারক করেন।ইউপিডিএফকে দায়ী: হামলার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টসহ (ইউপিডিএফ) অপশক্তিকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেএসএস। জেএসএসের সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের জোয়ারকে স্তব্ধ করতে চুক্তিবিরোধী ইউপিডিএফ অপশক্তির সঙ্গে মিলে এই হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত ব্যক্তিদের চিকিৎসা, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের সংগঠনের নেতা-কর্মীর জড়িত থাকার প্রশ্নই আসে না।’চারজনের অবস্থা আশঙ্কাজনক: চট্টগ্রামে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. হামিদ জানান, রাঙামাটিতে হামলায় আহত চারজনের মধ্যে নিপনের অবস্থা বেশি আশঙ্কাজনক। তিনি মাথা ও বাঁ পায়ে বেশি আঘাত পেয়েছেন। জীবন চাকমা বুকে ও ডান পায়ে স্প্লিন্টারবিদ্ধ হন। বাবুধন চাকমা আঘাত পান পা, হাত ও বুকে।পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী: হামলার আগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হবে। আর সেনাবাহিনীর ‘অপারেশন উত্তরণ’ বন্ধের উদ্যোগ নেওয়া না হলে আদিবাসীরা বসে থাকবে না।’পাহাড়ি ছাত্রদের প্রতি পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে সন্তু লারমা বলেন, ‘আমাদের বলার, শোনার কাজ শেষ হয়ে আসছে। এখন কাজে নামতে হবে।’