বিডিআর বিদ্রোহ মামলায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ সদস্যের বিরুদ্ধে বিচারকাজ আজ শনিবার সকালে আবার শুরু হয়েছে। বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ সকাল নয়টায় শুরু হয়ে সোয়া ১০টায় শেষ হয়েছে। আদালত আগামী সোমবার সকাল নয়টা পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়েছে। আসামিরা আদালতে তাঁদের লিখিত বক্তব্য পেশ করেছেন বলে জানা গেছে। এ মামলায় গত মঙ্গলবার পর্যন্ত আসামিদের বিরুদ্ধে মোট ৫৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৭৫ আসামির একজন রাঙামাটির কারাগারে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং দুজন নিজেদের দোষ স্বীকার করেছেন।বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমানের সভাপতিত্বে গঠিত বিশেষ আদালত-১৫-এর অন্য সদস্যরা হলেন—অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল সাঈদ সাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। সরকারি কৌঁসুলি হিসেবে উপস্থিত আছেন ৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির হোসেন। বিশেষ কৌঁসুলি হিসেবে তাঁকে সহায়তা করছেন গাজী জিল্লুর রহমান ও আমিনুর রহমান খান।