রাঙামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে চলাচলের অন্যতম প্রধান যান অটোরিকশার চালকেরা আজ বুধবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘট শুরু করেছেন। যাত্রী ভাড়া বাড়ানো, চান্দের গাড়ি শহরে চলাচল নিষিদ্ধ করা এবং অটোরিকশার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়।অটোরিকশার শ্রমিকদের ধর্মঘটের কারণে শহরে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকেরা উপস্থিত না হতে পারায় ক্লাস বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অফিস-আদালতে কর্মকর্তা ও কর্মচারীদের হেঁটে যেতে দেখা গেছে।রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরেশ মজুমদার জানান, তাঁরা ৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও রাঙামাটি বিআরটিএয়ের সভাপতি সুরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে দাবিগুলো বাস্তবায়ন করতে আবেদন করেছিলেন। দাবি পূরণের নির্ধারিত সময়সীমা ছিল গতকাল মঙ্গলবার। এর আগেও একই দাবি নিয়ে তিনবার আবেদন করা হয়েছিল বলে তিনি জানান। পরেশ মজুমদার বলেন, ‘প্রশাসন দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হই।’সুরেন্দ্রনাথ চক্রবর্তী শ্রমিক সংগঠনটির আবেদন পাওয়ার বিষয় নিশ্চিত করে জানান, কাল বৃহস্পতিবার অটোরিকশা শ্রমিক-মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রশাসন বৈঠকে বসবে। সেখানে গ্রহণযোগ্য একটা সমাধানের চেষ্টা করা হবে।