রাঙামাটিতে অবরোধ কর্মসূচি, বাঙালিদের হামলায় সাংবাদিকসহ আহত ২০
রাঙামাটির সাতছড়ি ইউনিয়নে হিল উইমেন্স ফেডারেশনের সড়ক ও নৌপথ অবরোধ চলাকালে বাঙালিদের হামলায় চারজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সাতছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে মানিকছড়ি এলাকায় রাঙামাটি, চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়কে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধকারীরা সাতছড়ি উচ্চবিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীদের মারধর করছে বলে গুজব রটলে বাঙালিরা উত্তেজিত হয়ে ওঠে। এরপর দুই শতাধিক বাঙালি লাঠিসোঁটা নিয়ে অবরোধকারীদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৬ জন অবরোধকারী আহত হয়। স্থানীয় সাংবাদিকেরা এর ছবি তুলতে গেলে তাঁদের ওপরও হামলা হয়। তখন চারজন স্থানীয় সাংবাদিক আহত হন। গুরুতর আহত অবস্থায় বাংলাভিশনের সাংবাদিক নন্দন দেবনাথ এবং দিগন্ত টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ সোলায়মানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল আখতার সর্দার জানিয়েছেন, যারা সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে, তাদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাঙামাটি প্রেসক্লাব ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। উল্লেখ্য, হিল উইমেন্স ফেডারেশন তাদের নেত্রী কল্পনা চাকমার অপহরণের ১৪তম বার্ষিকীতে নারী সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।