রাঙামাটিতে অবরোধে হামলা সাংবাদিকসহ আহত ২০
রাঙামাটিতে গতকাল শনিবার অর্ধদিবস সড়ক ও নৌ-অবরোধ চলাকালে হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। জেলা সদরের মানিকছড়িতে এ হামলার ঘটনা ঘটে। হিল উইমেন্স ফেডারেশনের পার্বত্য চুক্তিবিরোধী অংশ এ অবরোধের ডাক দিয়েছিল।হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণের ১৪তম বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাঙামাটি শহরে নারী সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এ অবরোধ আহ্বান করা হয়। পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), গণতান্ত্রিক যুব ফোরাম, সাজেক নারীসমাজ ও পাহাড়ি ছাত্র পরিষদের পার্বত্য চুক্তিবিরোধী অংশ এ কর্মসূচিকে সমর্থন দেয়। পার্বত্য চুক্তিবিরোধী বাঙালিদের সংগঠন সম-অধিকার আন্দোলনের রাঙামাটি উপজেলা শাখার সভাপতি আবু বকরের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে ফেডারেশনের এক বিবৃতিতে অভিযোগ করা হয়। তবে আবু বকর এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, হামলার সময় তাঁকে দেখা গেলেও তিনি হামলায় জড়িত ছিলেন না। তিনি হামলা বন্ধের চেষ্টা করেছেন।আহত ব্যক্তিদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের প্রতিনিধি নন্দন দেবনাথ, দিগন্ত টেলিভিশনের প্রতিনিধি মো. সোলায়মান ও এটিএন বাংলার ক্যামেরাম্যান মিল্টন বাহাদুরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আরও যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি কনিকা দেওয়ান, সদস্য মিতা চাকমা (২২), শর্মিলা চাকমা (২২), রুমি চাকমা (১৮) ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য সমীর চাকমা (২২)। জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হিল উইমেন্স ফেডারেশন, ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের দেড় শতাধিক নেতা-কর্মী কুতুকছড়ি এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সংযোগ সড়কে আসার পথে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে পুলিশ বাধা দেয়। এ সময় পুরুষ পিকেটারেরা সরে গেলেও নারীরা চট্টগ্রাম সড়ক পর্যন্ত যান। সেখানে সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করলে বাঙালিরা বাধা দেন। তার পরও নারীরা সড়কে অবস্থান করেন। এ সময় হঠাৎ গুজব রটে আদিবাসীরা সাপছড়ি উচ্চবিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থীদের আটকে মারধর করছেন। এতে বাঙালিরা ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে নারীদের ওপর হামলা চালান। এরপর কয়েকটি জিপে করে সাপছড়ি উচ্চবিদ্যালয়ের দিকে যাওয়ার প্রস্তুতি নেন বাঙালিরা। এর ভিডিওচিত্র ধারণ করতে গেলে সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি যৌথসভা করে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। এদিকে সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পুলিশ সুপার মাসুদ উল হাসান হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান। এ সময় জেলা প্রশাসক বলেন, ঘটনা কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হবে।এদিকে পার্বত্য চুক্তির পক্ষের পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন গতকাল কল্পনা চাকমার অপহরণ দিবস পালন করতে চাইলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের এ ধরনের আচরণকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করে সংগঠন দুটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিজ বাড়ি থেকে অপহূত হন। মিছিলে পুলিশের বাধা: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, পুলিশের বাধার কারণে গতকাল সকালে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি শহরে মিছিল করতে পারেনি। মিছিলের জন্য সমবেত হওয়ার সময় পুলিশ ফেডারেশনের কর্মীদের খাগড়াছড়ি পৌর এলাকার কাসেম করাতকল এলাকায় বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ফেডারেশনের নেতা-কর্মীদের তুমুল বাগিবতণ্ডা হয়। পরে ফেডারেশনের কর্মীরা খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া গ্রামে মিছিল বের করেন। মিছিলটি স্বনির্ভর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। কল্পনা অপহরণের ১৪ বছর পরও তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের নেত্রী রীনা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের নিকোলাস চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রেন্টিনা চাকমা।অপরদিকে জনসংহতি সমিতির একটি অংশের (রূপায়ণ-সুধাসিন্ধু-পেলে)-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে কল্পনা চাকমা অপহরণের বিচারের দাবিতে সভা করে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, কল্পনা চাকমা অপহরণের ১৪তম বার্ষিকী উপলক্ষে গতকাল পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ির দীঘিনালায় আলোচনা সভা করে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পিসিপি দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি জ্ঞান চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা, উপজেলা জেএসএসের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক প্রীতি খীসা প্রমুখ।