রাঙামাটিতে আ.লীগ নেতা অপহূত
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা অনিল তঞ্চ্যংঘাকে অপহরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কাপ্তাই-ঘাঘড়া সড়কে কয়েকজন আদিবাসী যুবক অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করেন।এদিকে রাঙামাটি শহরে এ ঘটনা জানাজানি হলে জনসংহতি সমিতির (সন্তু লারমা) সদস্যরা তাঁকে অপহরণ করেছে দাবি করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মিছিল বের করে। মিছিল থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করে তারা।অনিল ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়া ছড়া থেকে অটোরিকশায় করে রাঙামাটি যাচ্ছিলেন।অটোরিকশায় অনিলের সঙ্গে থাকা রাসেল নামের এক যাত্রী জানায়, তাদের অটোরিকশাটি কাপ্তাই -ঘাঘড়া সড়কে বগাছড়া সেতু এলাকায় পৌঁছলে কয়েকজন আদিবাসী যুবক অস্ত্রের মুখে রিকশাটি থামায়। এরপর তারা গামছা দিয়ে অনিলের হাত বেঁধে তাঁকে নিয়ে যায়।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।