রাঙামাটিতে আজ অবরোধ, আরও দুই লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার নাড়াইছড়িতে প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আরও দুই সদস্যের লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। তবে একটি লাশের সন্ধান মেলেনি।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউপিডিএফ গতকাল বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। আজ সোমবার রাঙামাটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া আরও কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে।নিহত চারজনের মধ্যে শনিবারই প্রবীণ চাকমা ওরফে শুক্রসেনের (৩৫) লাশ উদ্ধার করে বরকল থানার পুলিশ। গতকাল ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির সদস্য অনিমেষ চাকমা (৪৫) ও পূর্ণভূষণ চাকমা ওরফে নবদ্বীপের (৪৮) লাশ উদ্ধার করা হয়। তবে পুলক জীবন চাকমার (৩৩) লাশ পাওয়া যায়নি।বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ইদ্রিস প্রথম আলোকে জানান, ঘটনাস্থলের পাশে কাপ্তাই লেকের অংশ থেকে অনিমেষ চাকমা ও পূর্ণভূষণ চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট তিনটি লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একটি লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার তৎপরতা চলছে। ওসি আরও জানান, এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি। কেউ না এলে সরকারের পক্ষে মামলা করা হবে। খবর পেয়ে নিহত প্রবীণ চাকমার স্ত্রী রেনুকা চাকমা গতকাল রাঙামাটি হাসপাতালে আসেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি মারা গেলেন। আমি কী নিয়ে বাঁচব। তিন ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে।’হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ইউপিডিএফ গতকাল বাঘাইছড়ি, জুরাছড়ি ও বরকলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। জুরাছড়িতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান রূপকার চাকমা, ইউপিডিএফের সভাপতি মহারঞ্জন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য পরেশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক হেমন্ত চাকমা ও মহিলা সদস্য বুলবুলি চাকমা প্রমুখ।ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক অলকেশ চাকমা জানান, আজ সোমবার রাঙামাটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার শোক মিছিল, কালোব্যাজ ধারণ ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বুধবার স্মরণসভা ও ২৮ মে ধর্মীয় রীতি অনুযায়ী নিরামিষ খাওয়া হবে।গত শনিবার ইউপিডিএফের ছয়জন নেতা-কর্মী নাড়াইছড়ির অরুণ চাকমার বাড়িতে যান। এ সময় সশস্ত্র একটি গ্রুপ ওই বাড়ি ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করলে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও চারজন ঘটনাস্থলেই নিহত হন। ইউপিডিএফের অভিযোগ, জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে জেএসএস এই অভিযোগ অস্বীকার করেছে।